পেশা বদলে বাঁচার চেষ্টা
আবদুল কাদের ভটভটি (সেচযন্ত্রচালিত যান) চালাতেন। এখন তিনি দিনমজুরের কাজ করছেন। অটোরিকশাচালক গোলাম রব্বানী এখন গ্রামে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিক্রি করছেন।
পরিবহনশ্রমিক ইয়াকুব আলী ঢাকায় গিয়ে রাজমিস্ত্রির জোগালির কাজ করছেন। রিকশাভ্যানচালক মুরাদ হোসেন বগুড়া শহরের খাবারের দোকানে কাজ করছেন।
এগুলো বিছিন্ন কোনো ঘটনা নয়। টানা অবরোধ-হরতালের গ্যাঁড়াকলে পড়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনেকেই এভাবেই পেশা বদলে টিকে থাকার চেষ্টা করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, হরতাল-অবরোধের কারণে দিনের পর দিন কর্মহীন থাকতে বাধ্য হচ্ছে লোকজন। বিশেষ করে যাঁরা পরিবহনশ্রমিক, তাঁদের অবস্থা শোচনীয়। গাড়ির চাকা ঘুরলে আয় হয়। গাড়ির চাকা বন্ধ থাকলে আয়ও বন্ধ। বেশ কয়েক সপ্তাহ ধরে গাড়ি চলেনি, শ্রমিকদের আয়ও হয়নি। কিন্তু পেট তো আর খালি রাখা যায় না। তাই বাধ্য হয়ে তাঁরা পেশা থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন। তাঁরা হোটেলকর্মী থেকে শুরু করে জোগালি, অটোরিকশাচালক থেকে কাপড় বিক্রেতার মতো কাজ করছেন। অন্যরাও সুবিধামতো পেশা বেছে নিচ্ছেন রুটি-রুজির তাগিদে।
উপজেলার মহাস্থান সবজি বাজারে গতকাল বুধবার কথা হয় আকমল হোসেনের সঙ্গে। পেশায় শ্রমিক। যানবাহনে কখনো পণ্য বোঝাই বা খালাসের কাজ করেন। এ কাজ করে যা আয় হয়, তা দিয়েই সংসার চলে। এত দিন মহাস্থান বাজারের কাছে একটি ছোট ঘর ভাড়া নিয়ে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে কোনোমতে দিনযাপন করছিলেন। কিন্তু একের পর এক হরতাল-অবরোধের কারণে পণ্য পরিবহন প্রায় বন্ধ হয়ে গেছে। আয়ও একদম কমে গেছে। বাধ্য হয়ে গত সপ্তাহে স্ত্রী-সন্তানকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।
উপজেলার কুড়াহার গ্রামের ভটভটিচালক আমিনুল ইসলাম (৩৫) বলেন, ‘গাড়ি চলাবার পারিচ্চি না। বাড়িত পাঁচজন মানুষ খানেআলা। তাই বাধ্য হয়্যা কামলার কাজ করিচ্চি।’
ছাতুয়া গ্রামের ট্রাকশ্রমিক মুরাদ হোসেন (৪০) বলেন, ‘বাড়িতে পর্যা থাকলে পরিবার লিয়া না খাইয়্যা মরা লাগবি। তাই বাধ্য হয়্যা বগুড়াত য্যায়া গরম কাপড় লিয়া আস্তাত ঘুর্যা ঘুর্যা বেচার কাজ করিচ্চি।’