আবদুল করিম সেচযন্ত্রচালিত টমটম চালাতেন। এখন দিনমজুরের কাজ করেন। সিএনজিচালিত অটোরিকশাচালক সুরুজ মিয়া গ্রামে গ্রামে ঘুরে সবজি বিক্রি করছেন। পরিবহন শ্রমিক নুরুল ইসলাম চালাচ্ছেন রিকশা। রিকশাচালক কাদির মিয়া করছেন কুলির কাজ।
টানা অবরোধ ও হরতালের মধ্যে কিশোরগঞ্জের নিকলী উপজেলার অনেকেই এভাবে পেশা বদলে জীবন ধারণের চেষ্টা করছেন।
উপজেলার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, হরতাল-অবরোধে দিনের পর দিন কর্মহীন থাকতে বাধ্য হচ্ছে লোকজন। বিশেষ করে যাঁরা পরিবহন শ্রমিক, তাঁদের অবস্থা শোচনীয়। গাড়ির চাকা ঘুরলে বেতন পান, না ঘুরলে পান না। গতকাল শুক্রবার পর্যন্ত অবরোধে টানা ১১ দিন ধরে গাড়ি চলেনি। তাই পরিবহন শ্রমিকেরা অন্য কোনো পেশায় নিজেদের নিয়োজিত করছেন।
উপজেলার সিংপুর ইউনিয়নের গুড়াদিঘা গ্রামের সুরুজ বলেন, ‘ঢাকায় অটোরিকশা চালাতাম। কামরাঙ্গীরচরে ঘর ভাড়া নিয়ে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে কোনোমতে দিন কাটত। হরতাল-অবরোধে ভয়ে অটোরিকশা বের করি না। গত সোমবার স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়ি চলে আইছি। মঙ্গলবার থেকে সবজি কিনে গ্রামে গ্রামে বিক্রি করছি।’ একই গ্রামের রিকশাচালক কাদির বলেন, ‘অবরোধের লাগি যাত্রী পাওয়া যায় না। বসে থাকলে পরিবার লইয়া না খাইয়া মরতে হইব। আট দিন ধরে ঢাকার কাপ্তান বাজারে কুলির কাজ করেছি। আজগা (শুক্রবার) আইছি বাড়িতে কিছু টাকা দেওয়ার লাইগা।’
উপজেলার গুনিয়াহাটি গ্রামের টমটমচালক করিম বলেন, ‘গাড়ি নিয়ে নিকলী থেকে কিশোরগঞ্জ বা ভৈরব থেকে মালামাল আনতে গেলে ওই সব এলাকার নেতারা গাড়ি বন্ধ করে দেন। বাধ্য হয়ে সংসারে থাকা চারজনের মুখে দুই বেলা খাবার দেওনের লাগি জমিতে দিনমজুরের কাজ করছি।’
উপজেলার আতকাপাড়া গ্রামের বাসশ্রমিক নুরুল বলেন, ‘গাড়ির চাকা ঘুরে না, সংসারও চলে না। তাই ঢাকায় রিকশা চালাই। ছোট বাচ্চাডারে দেখতে আজ (শুক্রবার) আইছি। দুই দিন থেকে চলে যাব।’
পুরানবাজার মাছ মহলে গতকাল কথা হয় ভবানীপুর গ্রামের সাগর মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘চট্টগ্রামের হালিশহরে যানবাহনে কখনো পণ্য বোঝাই বা খালাসের কাজ করতেন। হরতাল-অবরোধে পণ্য পরিবহন প্রায় বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার বাড়িতে আইছি। এহন বোরো জমিতে দিনমজুরের কাজ করি।’