কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য ৩ বছর আগে ১ হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করে জেলা প্রশাসন। শুষ্ক মৌসুমে এসব জমিতে লবণ চাষ, বর্ষা মৌসুমে চিংড়ি, কাঁকড়াসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করতেন স্থানীয় বাসিন্দারা। অর্থনৈতিক এই কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন প্রায় ৩৫ হাজার মানুষ। তাঁদের পুনর্বাসনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। কিন্তু তিন বছরেও কাউকে পুনর্বাসিত করা হয়নি। এসব মানুষের অনেকেই এখন মানবেতর জীবন কাটাচ্ছেন।
প্রকল্প এলাকায় ৪৫টি পরিবার বাস করত। এসব পরিবারের সদস্য তিন শর বেশি। ৯ মাস আগে উচ্ছেদের পর তাঁদেরও এখনো পুনর্বাসন করা হয়নি। এ ছাড়া প্রকল্প এলাকার জমিতে কাজ করা লবণচাষি, শ্রমিক, ব্যবসায়ী, মিলমালিক, জেলে, কাঁকড়াচাষিসহ মোট ২১ পেশার লোকজনের পুনর্বাসনের কাজ এখনো শুরু করা হয়নি।
মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য অধিগ্রহণ করা জমি ২০১৪ সালের ২৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের কাছে হস্তান্তর করা হয়। ২০২৩ সালের অক্টোবরে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। এখান থেকে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, ৩ বছর আগে তাপবিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণের সময় সরকারের তরফ থেকে বলা হয়েছিল, ক্ষতিগ্রস্ত ২১ শ্রেণির (লবণ, চিংড়ি, কাঁকড়া, গাছপালা, অবকাঠামোসহ) মানুষকে পুনর্বাসন করা হবে। অথচ একজন লোককেও পুনর্বাসিত করা হয়নি। পেশা হারিয়েছেন ইউনিয়নের অন্তত ৩৫ হাজার মানুষ। তাঁদের মধ্যে জীবিকার তাগিদে অন্তত ৭ হাজার মানুষ কাজের খোঁজে এলাকা ছেড়ে গেছেন। মাতারবাড়ী ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ৮০ হাজার।
সম্প্রতি ইউনিয়নের সাইরার ডেইল এলাকায় দেখা গেছে, ৪৫টি পরিবার বাঁশ ও পলিথিন দিয়ে ঝুপড়ি ঘরে বাস করছে। একটি পরিবারের সদস্য জবুরা বেগম বলেন, পুনর্বাসনের আশ্বাস দিয়ে তাঁদের ঘরবাড়িসহ উচ্ছেদ করা হয়। তখন ৬টি ঢেউটিন, ঘর ভাঙার খরচ হিসেবে আড়াই হাজার টাকা ও ১০ কেজি চাল দেওয়া হয়েছিল। এরপর আর কেউ খোঁজ নিচ্ছে না। এখন এলাকায় কোনো কাজ নেই। তাঁদের ১৪ সদস্যের পরিবার কষ্টে দিন কাটাচ্ছে।
মাতারবাড়ী ইউনিয়নের সাবেক সদস্য বশির আহমদ বলেন, বিদ্যুৎ প্রকল্পের জন্য তাঁর ৭০ একর জমি অধিগ্রহণ করা হয়। এখনো ক্ষতিপূরণের চেক পাননি। তিনি বলেন, অধিগ্রহণ হওয়ায় বিপুল জমি খালি পড়ে আছে। আর লবণ উৎপাদন বন্ধ থাকায় এলাকার হাজার হাজার মানুষ বেকার। লবণমাঠে কাজ করলে একজন শ্রমিক দৈনিক ৫০০ টাকা করে পান। অথচ তিন বছর ধরে এলাকায় কাজ নেই।
স্থানীয় লবণচাষিরা বলেন, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের জন্য শহরের সমিতির পাড়া সরকারি খাসজমি অধিগ্রহণ করা হয়েছে। ওই জমিতে বসবাসকারী প্রায় পাঁচ হাজার লোককে পুনর্বাসনের জন্য সরকার খুরুশকুলে শতকোটি টাকার আশ্রয়ণ প্রকল্প তৈরি করে দিচ্ছে। কিন্তু মাতারবাড়ীর মানুষ বিদ্যুৎ প্রকল্পের জন্য নিজের ১ হাজার ৪১৪ একর জমি দিয়েছেন।
মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমি উদ্দিন বলেন, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আশ্বাস দিয়ে জমি অধিগ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন না করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
এ বিষয়ে কোল পাওয়ার জেনারেশন কোম্পানির উপবিভাগীয় প্রকৌশলী মো. মাহমুদ আলম বলেন, যাঁরা পেশা হারিয়েছেন, তাঁদের পুনর্বাসনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ আছে। পেশা হারানো মানুষের তালিকা করা হচ্ছে। তালিকা চূড়ান্ত করার পর পুনর্বাসনের কাজ শুরু হবে। আর ঘর হারানো ৪৫ পরিবারকে প্রকল্প এলাকার পাশে সাইরারডেইলে বাড়ি করে দেওয়া হবে। সেখানে মাটি ভরাটের কাজ শুরু করতে দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে না।
এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, মাতারবাড়ীর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য ১০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। শিগগিরই ওই জমি কোল পাওয়ার জেনারেশন কোম্পানির কাছে হস্তান্তর করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনোয়ারুল নাসের বলেন, ১ হাজার ৪১৪ একর জমির ক্ষতিপূরণ বাবদ প্রায় ২০০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়ায় ক্ষতিপূরণের বাকি টাকা বিতরণ করা সম্ভব হচ্ছে না। এই প্রকল্পের জমির ক্ষতিপূরণ বাবদ বরাদ্দ আছে ২৩৭ কোটি টাকা।