পেশা হিসেবে পরিচয়পত্রে যৌনকর্মী লেখা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন বলেছে, এখন থেকে পেশা হিসেবে পরিচয়পত্রে যৌনকর্মী লেখা যাবে। এর আগে পেশাজীবী হিসেবে যৌনকর্মীদের কোনো আনুষ্ঠানিক স্বীকৃতির কথা জানা যায় না। নির্বাচন কমিশনার শাখাওয়াত হোসেন গতকাল মঙ্গলবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যৌনকর্মীসহ আরও কয়েকটি পেশা জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত করা হবে। এর আগে ইস্যু করা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনপত্রে যে কয়েকটি পেশার কথা উল্লেখ ছিল, তাতে যৌনকর্মীর বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। সাংবাদিক কিংবা মসজিদে ইমামতি করার মতো পেশার বিষয়গুলোও উল্লেখ ছিল না। নির্বাচন কমিশনার জানিয়েছেন, এখন থেকে যৌনকর্মীরা তাঁদের পেশার কথা উল্লেখ করতে পারবেন। কর্মকর্তারা বলেছেন, একটি মানবাধিকার প্রতিষ্ঠানের দাবি ও আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন এ সিদ্ধান্ত নেয়। বাংলাদেশে বর্তমানে দুই লাখ যৌনকর্মী রয়েছেন বলে বিভিন্ন হিসাবে তথা পাওয়া গেছে। তবে রাষ্ট্রের তরফ থেকে যৌনকর্মীর পেশার কোনো স্বীকৃতি নেই। মানবাধিকারকর্মীরা বলছেন, পেশা হিসেবে যৌনকর্মীদের স্বীকৃতি দেওয়ার ফলে তাঁদের জন্য কিছু কাজ করা সহজ হবে।বিগত নির্বাচনের আগে যেসব জাতীয় পরিচয়পত্র নাগরিকদের হাতে দেওয়া হয়েছে, সেখানে পেশার কোনো উল্লেখ ছিল না। যদিও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনপত্রে পেশার উল্লেখ ছিল। বিবিসি অনলাইন।