পেশাগত দায়িত্ব পালনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জরুরি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে সাংবাদিক নির্যাতন ও পেশাগত দায়িত্ব পালনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংবাদ-কর্মীরা জরুরি সভা করেছেন। গত রোববার রাতে ইত্তেফাক সংবাদদাতার কার্যালয়কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকেরা বলেন, সংবাদ প্রকাশের কারণে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন। সর্বশেষ ইত্তেফাক-এর সাংবাদিক রাশিদুল ইসলাম পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ও তাঁর সহযোগীদের হাতে মারধরের শিকার হন।
এ নিয়ে থানায় অভিযোগ দিলেও পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের ব্যাপারে নিশ্চুপ রয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। দলীয়ভাবেও কোনো ধরনের সহযোগিতা করা হয়নি। ফলে স্থানীয় সাংবাদিকেরা তাঁদের পেশাগত দায়িত্ব পালনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, সাংবাদিক নির্যাতনকারীদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত নির্যাতনকারীদের ইতিবাচক সংবাদ বর্জনসহ তাদের নানা অনিয়মের সংবাদগুলো সম্মিলিতভাবে প্রকাশ করা হবে।
সাংবাদিক আতহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, চলনবিলের খবর-এর সম্পাদক দিল মোহাম্মদ, গুরুদাসপুর বার্তার সম্পাদক সাজেদুর রহমান, গণকণ্ঠ-এর শাহজাহান আলী, সমকাল-এর এম এম আলী আক্কাছ প্রমুখ।