বাংলাদেশে বর্তমানে সাংবাদিকতা পেশায় যে নিরাপত্তা, নিশ্চয়তা প্রতিষ্ঠিত হয়েছে, তার জন্য প্রয়াত সাংবাদিক কে জি মুস্তাফার অবদান অবিস্মরণীয়। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন।প্রয়াত সাংবাদিক কে জি মুস্তাফা স্মরণে আয়োজিত সভায় গতকাল বুধবার বক্তারা এ কথা বলেন। তাঁরা প্রয়াত এ সাংবাদিকের আদর্শ অনুসরণ করে দলমতের ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের এক মঞ্চে শামিল হওয়ার আহ্বান জানান।জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ স্মরণসভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক এ বি এম মূসা। তিনি প্রয়াত কে জি মুস্তাফার সঙ্গে নিজের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বলেন, তিনি শুধু সাংবাদিক ছিলেন না, রাজনীতিবিদও ছিলেন।প্রয়াত কে জি মুস্তাফার ছেলে বিবিসি বাংলা বিভাগের প্রধান সাবির মুস্তাফা তাঁর বাবার স্মৃতিচারণা করে বলেন, তিনি সবসময় সাংবাদিক পরিচয়টাকেই বড় করে দেখতেন। পরিবারের ভেতর-বাইরে সবখানে তিনি ছিলেন উদার ও সহনশীল। তাঁর যে অর্জন, তা খুব কম মানুষেরই থাকে। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে বাবার আত্মগোপনে চলে যাওয়ার স্মৃতি তুলে ধরেন সাবির মুস্তাফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। অন্যদের মধ্যে সাংবাদিক নেতা রিয়াজউদ্দিন আহমেদ, আলতাফ মাহমুদ, শাহ আলমগীর, শাহজাহান মিয়া, মোল্লা জালাল প্রমুখ বক্তৃতা করেন।