ছিনতাইকারীর কবলে পড়ে নিজেদের পরিচয় দিয়েছিলেন ঢাকার নয়াটোলা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ মো. মিজানুর রহমান ও এটিএন বাংলার জ্যেষ্ঠ ক্যামেরাম্যান শফিকুল ইসলাম ওরফে মিঠু। আর এ পরিচয় প্রকাশই তাঁদের জন্য কাল হয়েছে। চালক ও যাত্রীবেশী ছিনতাইকারীরা ওই দুই ব্যক্তির সবকিছু ছিনিয়ে নেওয়ার পর তাঁদের হত্যা করে। এএসআই মিজান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া জামাই রাজু ও সুজন গত রোববার দুপুরে টাঙ্গাইলের বিচারিক হাকিম মোহাম্মদ ওয়ায়েজ আল করুনীর আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে এ কথা স্বীকার করে। রোববার রাত সাড়ে নয়টার দিকে মিজান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার এসআই মো. হাসান সাংবাদিকদের এ তথ্য জানান। এসআই হাসান জানান, জামাই রাজু ও সুজন জবানবন্দিতে উল্লেখ করে, ছিনতাইয়ের উদ্দেশ্যে গত ৪ মে ভোর ছয়টার দিকে তারা প্রাইভেট কার (ঢাকা মেট্রো-খ-১১-২৮৪৭) নিয়ে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোড়ে যায়। সেখানে চালকের সহকারী বেশে সুজন টাঙ্গাইল যাওয়ার জন্য যাত্রীদের ডাকে। সকাল পৌনে সাতটার দিকে এএসআই মিজান ওই প্রাইভেট কারে ওঠে পেছনের সিটে বসেন। এ সময় যাত্রীবেশে ছিনতাইকারী জামাই রাজু ও মোস্তাক এএসআই মিজানের দুই পাশে বসে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেলক্রসিং পার হলে গাড়ির চালক দলনেতা রাহাতসহ অন্যরা নিজেদের ডাকাত পরিচয় দিয়ে মিজানকে জাপটে ধরে। এ সময় মিজানের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। তারা ছিনিয়ে নেয় মিজানের ১৬ হাজার টাকা ও দুটি মুঠোফোন। জবানবন্দিতে জামাই রাজু ও সুজন আরও স্বীকার করে, টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার পর মিজান নিজের পেশাগত পরিচয় দিলে সামনের সিটে বসা সুজন পেছনে ঘুরে মিজানের দুই পা জাপটে ধরে। চালক রাহাত প্রাইভেট কারটি থামিয়ে কোমরে রাখা পিস্তল মিজানের মাথায় ঠেকিয়ে গুলি করতে উদ্যত হয়। কিন্তু গুলির শব্দ হলে সমস্যা হতে পারে ভেবে তারা প্রাইভেটকারে থাকা গামছা মিজানের গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে নিস্তেজ করে দেয়। এরপর ছিনতাইকারীরা কলম দিয়ে খুঁচিয়ে মিজানের দুই চোখ নষ্ট করে দেয়। গাড়ির যন্ত্রাংশ দিয়েও তারা মিজানের বুকে জোরে আঘাত করে। তাঁর মৃত্যু নিশ্চিত হওয়ার পর সকাল সাড়ে সাতটার দিকে লাশ মির্জাপুর উপজেলার পোস্টকামুরী চরপাড়া স্থানে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। পরে কুমারজানী এলাকায় ফেলা হয় মিজানের ব্যবহূত মুঠোফোনের সিম। খবর পেয়ে সকাল আটটার দিকে পুলিশ মিজানের লাশ উদ্ধার করে।জামাই রাজু ও সুজন আরও স্বীকার করে, ওই ঘটনার পরদিন রাত ১০টার দিকে ফার্মগেট পুলিশ বক্সের সামনে থেকে তাদের প্রাইভেটকারে ওঠেন এটিএন বাংলার ক্যামেরাম্যান শফিকুল। সেদিনও গাড়ি চালায় রাহাত। জামাই রাজু ও তাদের আরেক সঙ্গী রতন যাত্রীবেশে পেছনে শফিকুলের দুই পাশে বসে। গাড়িটি বনানী রেলক্রসিং পার হওয়ার পর সামনের আসনে বসা সুজন তাদের ডাকাত পরিচয় দিয়ে যা আছে সব বের করে দিতে বলে। এ সময় শফিকুল নিজের পরিচয় দিলে জামাই রাজু ও রতন তাঁকে জাপটে ধরে। সাংবাদিককে বাঁচিয়ে রাখা যাবে না—রাহাত এ মন্তব্য করার পর সুজন ও রতন শফিকুলের গলায় গামছা পেঁচিয়ে ফেলে। আর রাজু পা চেপে ধরে। কিছুক্ষণের মধ্যে শফিকুলের মৃত্যু হয়। পরে তাঁর লাশ আশুলিয়া বেড়িবাঁধের পাশে ফেলে দেওয়া হয়। এর আগে তারা শফিকুলের কাছে থাকা মানিব্যাগ, পরিচয়পত্র, দুই হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। এ দুটি ঘটনার পর গত ১১ মে সকালে পুলিশ মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে সুজনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর স্টেডিয়াম এলাকা থেকে জামাই রাজুকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতে পুলিশ অপর দুই ছিনতাইকারী দলনেতা রাহাত ও মোস্তাককে গ্রেপ্তার করতে ঢাকার পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় যায়। তখন প্রাইভেট কার থামিয়ে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে রাহাত গুলিবিদ্ধ হয়। পালিয়ে যায় মোস্তাক। রাহাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরদিন ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় আরেক ছিনতাইকারী রতনকে।