পেশাগত পরিচয়ের কারণে দলিতরা সামাজিক বৈষম্যের শিকার হচ্ছে। এটা স্বাধীন জাতি-রাষ্ট্র ও সভ্যতার জন্য লজ্জার বিষয়। বর্ণবৈষম্য বিলোপের মাধ্যমে দলিত সম্প্রদায়কে মূলধারার সব কার্যক্রমে যুক্ত করতে হবে।বর্ণবৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবিতে গতকাল শুক্রবার দুপুরে সিলেট বিভাগীয় এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এ সমাবেশের আয়োজন করে পরিত্রাণ ও বাংলাদেশ দলিত পরিষদ।বাংলাদেশ দলিত পরিষদের সিলেট বিভাগীয় সভাপতি মিলন রবিদাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসীন আলী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ নওয়াব আলী আব্বাছ খান, জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, জেলা জাসদের সভাপতি আবদুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখার সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ, লোকগবেষক মাহফুজুর রহমান প্রমুখ। সমাবেশের শুরুতে বর্ণবৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবি জাতীয় সংসদে উত্থাপনের জন্য বাংলাদেশ দলিত পরিষদের পক্ষ থেকে সমাবেশে উপস্থিত দুই সাংসদের কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়।