পেশাজীবী পরিষদ ও অ্যাব থেকে পদত্যাগ করেছেন মাহমুদুর রহমান
সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মাহমুদুর রহমান। গতকাল সোমবার তিনি এই দুটি সংগঠন থেকে পদত্যাগ করেন।মাহমুদুর রহমান দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তিনি তাঁর জ্বালানিবিষয়ক উপদেষ্টা ছিলেন। ১০ বছর ধরে তিনি অ্যাবের সভাপতি এবং ছয় বছর ধরে সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন।পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মাহমুদুর রহমান গত রাতে প্রথম আলোকে বলেন, ‘ছয় বছর আগে যখন সম্মিলিত পেশাজীবী পরিষদ গঠিত হয়, তখন কথা ছিল ছয় মাস পর পর নেতৃত্ব বদল হবে। কিন্তু নানা কারণেই সেটি হয়নি। আর অ্যাবে আমি ১০ বছর। এত দীর্ঘ সময় কোনো পদে থাকাটা ঠিক নয়। আর আমি আমার পত্রিকায় আরও বেশি সময় দিতে চাই। এসব কারণেই পদত্যাগ।’সাম্প্রতিক সময়ে বিরোধীদলীয় নেত্রীর ভারত সফর নিয়ে আমার দেশ-এ প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে বিএনপির কারও কারও সঙ্গে মনোমালিন্যের জের ধরে মাহমুদুর রহমান পদত্যাগ করেছেন—এমন আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মাহমুদুর রহমান বলেন, ‘এটা পুরোপুরি ভিত্তিহীন।’ তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বিএনপি একটি রাজনৈতিক দল। সেই দল তার মতো চলবে। আর আমার দেশ-এর স্বাধীন নীতি রয়েছে। সেই নীতি নিয়ে পত্রিকা চলে। এখানে দুটোকে মিলিয়ে ফেলার কোনো সুযোগ নেই।’