বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং দেশব্যাপী এর অন্তর্ভুক্ত ১০টি অঙ্গ ইউনিয়নের নেতারা সাংবাদিকতা পেশায় ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতাহীন কোনো ব্যক্তিকে দৈনিক সংবাদপত্রের সম্পাদক ও সম্প্রচার মাধ্যমের প্রধান নিয়োগ বন্ধ এবং পেশাজীবী সাংবাদিককে সম্পাদক করার নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। খবর বাসসের।নেতারা একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত এবং সেই স্বাধীনতার অপব্যবহার বন্ধ করতে জাতীয় সংবাদপত্র ও সম্প্রচার নীতিমালা ঘোষণার জন্যও সরকারের কাছে জোর দাবি জানান।গতকাল মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে নেতারা বলেন, সাংবাদিক সমাজের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন না করায় কোনো অভিজ্ঞতা ছাড়াই শুধু মালিকানার জোরে অনেক মালিক অথবা পেশাজীবী সাংবাদিক নন এমন ব্যক্তিরা সংবাদপত্রের সম্পাদক হচ্ছেন।বিবৃতিতে স্বাক্ষর করেন বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আলতাফ মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ আলমগীর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল আলম প্রমুখ।