পেশাজীবী হিসাববিদদের আন্তর্জাতিক সম্মেলন কাল থেকে
পেশাজীবী হিসাববিদদের দক্ষিণ এশিয়া অঞ্চলের সংগঠন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে। ঢাকার সোনারগাঁও হোটেলে এদিন সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন।
সম্মেলন উপলক্ষে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, সার্কভুক্ত আটটি দেশের মধ্যে সাতটি দেশের প্রতিনিধিরা এবারের সম্মেলনে অংশ নেবে। দেশি-বিদেশি মিলিয়ে সাড়ে ৪০০ থেকে ৫০০ পেশাজীবী হিসাববিদের সম্মিলন ঘটবে এবার।
সোনারগাঁও হোটেলে আজ শনিবার সকালে সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন আইসিএমএবির সভাপতি আবু সৈয়দ মো. শায়খুল ইসলাম। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনটির সাবেক সভাপতি ও বর্তমান কাউন্সিলের সদস্য মোহাম্মদ সেলিম ও সাধারণ সম্পাদক আবদুর রহমান খান।
এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘শিল্প ও সেবা খাতে গতি সঞ্চার করতে আর্থিক খাতের সংস্কার’। আয়োজকেরা জানান, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় একা কোনো দেশের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব না। অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে হলে দরকার সমন্বিত উদ্যোগ। এ কারণে এ অঞ্চলের দেশগুলোর সংস্কারের সফলতা-ব্যর্থতা নিয়েও আলোচনা হবে এবারের সম্মেলনে। যেসব সুপারিশ বা অভিজ্ঞতা পাওয়া যাবে, সেগুলোকে কীভাবে দেশের কাজে লাগানো যায়, সেই পথ খুঁজে বের করা হবে।