পেশাজীবীদের সঙ্গে খালেদার মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াত সমর্থক পেশাজীবীদের সংগঠনগুলোর মোর্চা সম্মিলিত পেশাজীবী পরিষদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার রাত পৌনে নয়টা থেকে প্রায় ১১টা পর্যন্ত চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ মতবিনিময় হয়।

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক-সাংবাদিক রুহুল আমিন গাজী এবং মহাসচিব-চিকিত্সক এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে ১১টি পেশার ৪৯ জন প্রতিনিধি মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন। তবে এ বিষয়ে বিএনপি বা পেশাজীবীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

 মতবিনিময়ে উপস্থিত দুটি সূত্র প্রথম আলোকে জানায়, খালেদা জিয়া পেশাজীবীদের উদ্দেশে বলেছেন, তিনি হতাশ নন। এই সরকার মাত্র পাঁচ শতাংশ মানুষের ভোট পেয়েছে। বাকি ৯৫ শতাংশ মানুষ বিএনপির দাবির সঙ্গেই আছে।

ওই সূত্র জানায়, খালেদা জিয়া বলেছেন, যেহেতু এই নির্বাচন অংশগ্রহণমূলক ছিল না, তাই এটি দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয়নি। কাজেই সরকার বেশিদিন দেশ চালাতে পারবে না। তিনি (খালেদা) সময়ের সঙ্গে সঙ্গে ১৮-দলীয় জোটের আন্দোলন জোরদার হবে বলে জানান। এই আন্দোলনে পেশাজীবীদের যোগ দেওয়ার আহ্বানও জানান তিনি।

সূত্র জানায়, পেশাজীবীদের পক্ষ থেকে আলোচনা এবং সমঝোতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। পাশাপাশি বিএনপির দাবির বিষয়ে জনসচেতনতা বাড়াতে পেশাজীবীরা সাধ্যমতো কর্মসূচি পালন করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।