পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার

পেশাজীবীদের সম্মানে গতকাল শনিবার ইফতার অনুষ্ঠান আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে অনুষ্ঠিত ওই ইফতারে বিভিন্ন শ্রেণি ও পেশার নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন।
গণভবনে বিশাল প্যান্ডেলের নিচে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঘুরে ঘুরে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত এবং মহান মুক্তিযুদ্ধ ও বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন মোনাজাত পরিচালনা করেন।
ইফতার মাহফিলে বিশিষ্ট নাগরিক, মন্ত্রী-সাংসদ, তিন বাহিনীর প্রধানেরা, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য ও শিক্ষক, সম্পাদক, সাংবাদিক নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী নেতারা অংশ নেন।