পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার পেশাজীবীদের সম্মানে গণভবনে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক, সংবাদপত্র, সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, কবি-লেখক, গায়ক ও ক্রীড়া ব্যক্তিত্ব যোগ দেন।
প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানের অতিথিদের বিভিন্ন টেবিলে গিয়ে তাঁদের সঙ্গে কুশলবিনিময় করেন। ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘজীবন ও সুস্বাস্থ্য কামনা করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা এহসানুল হক মোনাজাত পরিচালনা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রমুখ ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া পেশাজীবী সমন্বয় পরিষদ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব, আওয়ামী আইনজীবী পরিষদ, এফবিসিসিআই, বিজিএমইএ ও সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা ইফতার মাহফিলে যোগ দেন।