পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার পেশাজীবীদের সম্মানে গণভবনে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক, সংবাদপত্র, সংবাদ সংস্থা ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, কবি-লেখক, গায়ক ও ক্রীড়া ব্যক্তিত্ব যোগ দেন।
প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানের অতিথিদের বিভিন্ন টেবিলে গিয়ে তাঁদের সঙ্গে কুশলবিনিময় করেন। ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘজীবন ও সুস্বাস্থ্য কামনা করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা এহসানুল হক মোনাজাত পরিচালনা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রমুখ ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া পেশাজীবী সমন্বয় পরিষদ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব, আওয়ামী আইনজীবী পরিষদ, এফবিসিসিআই, বিজিএমইএ ও সেক্টর কমান্ডারস ফোরামের নেতারা ইফতার মাহফিলে যোগ দেন।
মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গোনচং গানবোল্ড গতকাল জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ অভিমত দেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ ব্যাপারে অবহিত করেন। তিনি বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশকে আকর্ষণীয় স্থান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী মঙ্গোলিয়ার ব্যবসায়ী-উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আরও বলেন, এ সময় মঙ্গোলিয়ায় আগামী ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠেয় সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মেলন ১১তম এশিয়া-ইউরোপ মিটিংকে (এএসইএম) অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এই বৈঠকের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।’
শিক্ষাপ্রতিষ্ঠানকে বাস হস্তান্তর: গতকাল গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানকে চারটি বাস হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিটল-নিলয় গ্রুপের সৌজন্যে বাস চারটি দেওয়া হয়। গাড়ি পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠান দুটি হলো টিকাটুলি এলাকার শের-ই-বাংলা গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষাসচিব সোহরাব হোসেন, নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও ব্যবসায়ী গোষ্ঠীটির জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।