পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে গতকাল গণভবনে ইফতারের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক, গণমাধ্যমকর্মী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, কবি, লেখক, সংগীতশিল্পী ও ক্রীড়া ব্যক্তিত্বরা অংশ নেন ইফতারে।
প্রধানমন্ত্রী ইফতারে অংশগ্রহণকারী অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন। ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, জনকণ্ঠ-এর উপদেষ্টা সম্পাদক তোয়াব খান, বিচারপতি মেজবাহ উদ্দিন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অধ্যাপক মোদাচ্ছের আলী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, রুহুল হক, মোস্তফা জালাল মহিউদ্দিন, কৃষিবিদ আমিরুল ইসলাম এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহিবুল্লাহিল বাকী নদভী মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
পেশাজীবী সমন্বয়ক পরিষদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, আওয়ামী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, এফবিসিসিআই, বিজিএমইএ, সেক্টর কমান্ডারস ফোরামেরসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা ইফতারে উপস্থিত ছিলেন।
গাজী শাহাবুদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
জনপ্রিয় সাময়িকী সচিত্র সন্ধানীর সম্পাদক গাজী শাহাবুদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। গতকাল এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। গাজী শাহাবুদ্দিন গত শুক্রবার মারা যান।