পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন, ঢাকা, ২৮ মে। ছবি: ফোকাস বাংলা
পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন, ঢাকা, ২৮ মে। ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার তাঁর সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন।

ইফতার মাহফিলে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী, লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, গায়ক, ক্রীড়াব্যক্তিত্ব অংশ নেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী ইফতার মাহফিলে আগত অতিথিদের বিভিন্ন টেবিল ঘুরে তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি-অগ্রগতি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের সব শহীদ, জাতীয় চার নেতা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের জন্যও পরম করুণাময়ের দরবারে দোয়া করা হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যৈষ্ঠ ইমাম মাওলানা মহিবুল্লাহ আল বাকী নদভী মোনাজাত পরিচালনা করেন।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফল উৎক্ষেপণ ও পশ্চিমবঙ্গের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রিকেট পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। পেশাজীবীদের সম্মানে সোমবার গণভবনে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দেন মাশরাফি, সাকিব ও মুশফিক। গণভবন, ঢাকা, ২৮ মে। ছবি: বাসস

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিচারপতি মেজবাহউদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাহউদ্দিন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাংসদ রুহুল হক এবং কৃষিবিদ নূর মোহাম্মদ তালুকদার এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

পেশাজীবী সমন্বয় পরিষদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), আওয়ামী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, এফবিসিসিআই, বিজিএমইএ, সেক্টর কমান্ডারস ফোরামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা ইফতার মাহফিলে অংশ নেন।