পেশাজীবীদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার গণভবনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। ইফতারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, শিল্পী, সংগীতশিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ব্যবসায়ী ও খেলোয়াড়েরা যোগ দেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানে ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।ইফতার অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম, আইনজীবী রফিক-উল হক, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ যোগ দেন।অন্যান্যের মধ্যে ইনডিপেনডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ইহ্সানুল করিম, চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর, সংবাদ সম্পাদক আলতামাশ কবির, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, যুগান্তর-এর নির্বাহী সম্পাদক সাইফুল আলম প্রমুখ ইফতার অনুষ্ঠানে শরিক হন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ইফতার অনুষ্ঠানে যোগ দেন।এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, লেখক সৈয়দ শামসুল হক, শিল্পী মুস্তাফা মনোয়ার, আসাদুজ্জামান নূর, লেখক ও সাংবাদিক আনিসুল হক ইফতার অনুষ্ঠানে যোগ দেন।