পেশাদার চালকের পরীক্ষার শর্ত শিথিল!
পেশাদার চালকের লাইসেন্স নবায়নের শর্ত শিথিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এখন থেকে পেশাদার চালকদের লাইসেন্স পেতে যোগ্যতা যাচাই বোর্ডের অনুমোদন লাগবে না। যথাযথ যোগ্যতার পরীক্ষা ছাড়াই পেশাদার লাইসেন্স পেয়ে যাবেন চালকেরা।
গত ৩১ ডিসেম্বর বিআরটিএ পেশাদার লাইসেন্স নবায়নের এই শর্ত শিথিলের আদেশ জারি করে। কিন্তু পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই আদেশ মোটরযান অধ্যাদেশ ১৯৮৩-এর পরিপন্থী।
মোটরযান অধ্যাদেশের ১২(২) ধারা অনুযায়ী, পেশাদার লাইসেন্স পাওয়ার পর প্রতিবছরই মাঠ পরীক্ষা দিয়ে তা নবায়ন করতে হবে। মাঠ পরীক্ষার মধ্যে গাড়ি চালানো, সংকেত সম্পর্কে ধারণা, শারীরিক সক্ষমতাসহ (দৃষ্টি ও শ্রবণক্ষমতা) নানা ধাপ রয়েছে। পরীক্ষায় অকৃতকার্য হলে লাইসেন্স বাতিল হয়ে যাবে। অধ্যাদেশে এই পরীক্ষা মূল্যায়ন করার দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত ড্রাইভিং কম্পিটেন্সি বোর্ডের (ডিসিটিবি) ওপর।
কিন্তু বিআরটিএ এই শর্ত শিথিল করে একজন মোটরযান পরিদর্শককে লাইসেন্স নবায়নের এখতিয়ার দিয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ডিসিটিবির বদলে মোটরযান পরিদর্শককে লাইসেন্স নবায়নের দায়িত্ব দেওয়ার অর্থই হলো পরীক্ষা নেওয়ার আর দরকার নেই। কারণ, ডিসিটিবিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিআরটিএ, পুলিশসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আছেন। আর মোটরযান পরিদর্শক একা। তাঁর পক্ষে শ্রমিক ফেডারেশনের চাপ সামলানো সম্ভব নয়।
জানতে চাইলে বিআরটিএ পরিচালক (প্রকৌশল) সাইফুল হক প্রথম আলোর কাছে দাবি করেন, ডিসিটিবির বৈঠক সব সময় হয় না বলে হয়রানি হচ্ছে চালকদের। এ জন্যই পরিদর্শক দিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। নিয়মিত ডিসিটিবি না বসিয়ে শর্ত শিথিল করার যুক্তি কী, জানতে চাইলে তিনি বলেন, ‘আগে আসলে নবায়নের ক্ষেত্রে পরীক্ষাই নেওয়া হতো না। মাঝখানে শুরু করেছি। এখন আবার কিছুটা পরিবর্তন এনেছি।’
বিআরটিএ সূত্র জানায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চাপেই সরকার লাইসেন্স নবায়নের পরীক্ষা কার্যক্রম শিথিল করার উদ্যোগ নেয়। এই ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। মন্ত্রী দীর্ঘদিন থেকে প্রকাশ্যেই এই শর্তের বিরোধিতা করে আসছিলেন।
বিআরটিএ সূত্র জানায়, ফেডারেশনের চাপেই লাইসেন্স নবায়নের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পরীক্ষা নেওয়া যায়নি। ২০১১ সালে জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর সড়ক দুর্ঘটনায় মারা গেলে সড়কের নিরাপত্তা নিয়ে নাগরিক সমাজ সোচ্চার হয়। দুর্ঘটনার জন্য দায়ী চালকদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা এবং যথাযথ পরীক্ষার মাধ্যমে পেশাদার চালকের লাইসেন্স দেওয়ার দাবি ওঠে।
এরপর হাইকোর্ট পেশাদার চালকের লাইসেন্স প্রদান ও নবায়ন বন্ধ রাখার নির্দেশ দেন। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার শর্তে ২০১২ সালে লাইসেন্স নবায়ন ও প্রদানে সম্মতি দেন আদালত। এর পর থেকে লাইসেন্স নবায়নে ডিসিটিবির মাধ্যমে পরীক্ষা নেওয়া হচ্ছিল। গত ৩১ ডিসেম্বর পরীক্ষার শর্ত শিথিল করা হয়।
এর আগে ১৯৯০ থেকে ২০১১ সাল পর্যন্ত শ্রমিক ফেডারেশনের তালিকা ধরে প্রায় এক লাখ ৮৯ হাজার পেশাদার চালককে লাইসেন্স দেওয়া হয় যথাযথ পরীক্ষা ছাড়া।
বিআরটিএ সূত্র জানায়, সারা দেশে লাইসেন্স আছে ১৪ লাখ ৩১ হাজার। এর মধ্যে পেশাদার লাইসেন্স প্রায় সাত লাখ। এই পেশাদার সাত লাখের মধ্যে দুই লাখ ৩৭ হাজার ভারী যানবাহন, অর্থাৎ বাস, ট্রাক, লরি-কাভার্ড ভ্যানের চালক। ভারী লাইসেন্সগুলোর মধ্যেই এক লাখ ৯০ হাজার শ্রমিক ফেডারেশনের তালিকা ধরে দেওয়া হয়েছে। পুনরায় নবায়নের ক্ষেত্রেও কার্যত পরীক্ষায় অবতীর্ণ হতে হচ্ছে না তাঁদের।
সড়ক নিরাপত্তার বিষয়ে সোচ্চার ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রথম আলোকে বলেন, অনেক আন্দোলনের পর পেশাদার চালকের লাইসেন্স নবায়নে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। এটা শিথিল করার অর্থই হচ্ছে চালকদের বেপরোয়া হওয়ার সুযোগ করে দেওয়া। বিআরটিএর এমন উদ্যোগ সড়ক নিরাপত্তা হুমকিতে ফেলার শামিল। তিনি আইন অনুযায়ী সব ধরনের পরীক্ষা যথাযথ নেওয়ার মাধ্যমেই লাইসেন্স প্রদান ও নবায়ন করার দাবি জানান।