পেশাদার শিকারিরা জড়িত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে এক সপ্তাহের মধ্যে তিনটি মায়া হরিণ ও একটি মেছোবাঘ মারা পড়েছে। পেশাদার শিকারিরা হরিণ শিকার করছেন বলে অভিযোগ উঠেছে।বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুরমা বনবিট এলাকায় ৯ এপ্রিল একটি হরিণ লোকালয়ে এলে জনতার হাতে ধরা পড়ে। উদ্ধারের পর হরিণটি রাজকান্দি রেঞ্জ কার্যালয়ে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গত বৃহস্পতিবার লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন কালাছড়া বনবিট থেকে একটি মায়া হরিণ লোকালয়ে আসে। স্থানীয় কয়েক ব্যক্তি হরিণটি ধরে জবাই করে মাংস ভাগ-বাটোয়ারা করে নেয়। পরদিন শুক্রবার ভোরের দিকে আদমপুর বনবিট এলাকা থেকে একটি মায়া হরিণ লোকালয়ে এলে কিছু লোক হরিণটি ধরে জবাই করে। বিষয়টি জানার পর আদমপুর বনবিটের কর্মকর্তারা জবাই করা হরিণটি উদ্ধার করেন। এ ছাড়া গত শনিবার রাজনগর উপজেলার সাকেরা চা-বাগান এলাকায় একটি মেছোবাঘ বেরিয়ে এলে এলাকাবাসী সেটি মেরে ফেলে। এলাকাবাসীর অভিযোগ, মাস খানেকের মধ্যে মেছোবাঘটি সাকেরা এলাকার কয়েকটি ছাগল ও মোরগ খেয়ে ফেলেছে। শ্রীমঙ্গলের বন্য প্রাণী সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও বন্য প্রাণী সংরক্ষক সীতেশ রঞ্জন দেব প্রথম আলোকে বলেন, ‘চা-শ্রমিকদের একটি দল বনের ভেতর ঢুকে হরিণ তাড়া করে জঙ্গলের বাইরে নিয়ে আসে। আবার একদল পেশাদার শিকারি আছে, যারা নিয়মিত হরিণ শিকার ও হরিণের মাংস বিক্রি করছে। তারা বনের মধ্যে ঢুকে তীর ও ধনুক দিয়ে শূকর, খাটাশ, খরগোশ ও হরিণ মেরে থাকে। এ ছাড়া বন কমে যাওয়ায় আত্মগোপনের সুযোগ না পেয়ে হরিণসহ বিভিন্ন প্রাণী বন থেকে বেরিয়ে আসছে। পরে মানুষের হাতে ধরা পড়ে প্রাণ দিচ্ছে।’বন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারী বনসংরক্ষক এ জেড এম হাসানুর রহমান প্রথম আলোকে বলেন, ভারতের পাহাড় থেকে আসা হরিণই ধরা পড়ছে। কুরমা এলাকায় আহত অবস্থায় ধরা হরিণটির গায়ে কাঁটাতারের ঘষা ও শিং ভাঙা পাওয়া গেছে। দুই দিকের পাহাড়ের পরিবেশ এক নয়। ভারতীয় অংশে লোকজন কম থাকে। আমাদের অংশে পাহাড়ে লোকজন রয়েছে। এতে বিভ্রান্ত হয়ে হরিণ বনের বাইরে চলে আসে।