
বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নেওয়া বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশ বাহিনীর সব সদস্যকে পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি বলেছেন, বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে বিশ্বের যেকোনো প্রান্তে¯ শান্তি প্রতিষ্ঠায় সর্বদা প্রস্তুত রয়েছে।
জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন উপলক্ষে গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। শান্তিরক্ষীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বাংলাদেশকে বিশ্বদরবারে একটি শান্তিকামী দেশ হিসেবে প্রতিষ্ঠা করবেন, বিশ্বে বাংলাদেশের পতাকা সমুন্নত রাখবেন, বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন এবং কর্মের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করবেন এই প্রত্যাশা করছি।’
আবদুল হামিদ বলেন, জাতিসংঘ মিশনে কার্যকর অংশগ্রহণ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থানকে সুসংহত করেছে এবং একই সঙ্গে তা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতিসংঘ শান্তিরক্ষা¯কার্যক্রমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরামে দৃপ্ত অংশগ্রহণ বাংলাদেশকে বিশ্বদরবারে একটি মর্যাদাসম্পন্ন রাষ্ট্রে পরিণত করছে।
রাষ্ট্রপতি বলেন, বিশ্বের কারিগরি উন্নয়নের সঙ্গে সঙ্গে জাতিসংঘ মিশনে নিয়োজিত শান্তিরক্ষীদেরও উন্নত টেকনোলজিতে সমৃদ্ধ করার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। সে দিকে বিশেষ খেয়াল রেখে বাংলাদেশ সরকার সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর শান্তিরক্ষীদের আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার, মাইন প্রটেক্টেড ভেসেল, আনম্যানড এরিয়াল ভেসেলসহ অন্যান্য অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত করে জাতিসংঘ মিশনে পাঠানো হচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা ৪০টি দেশে ৫৪টি ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন। এই মুহূর্তে ১৩টি মিশনে নিয়োজিত আছেন। মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ও সুদানের দারফুরে কর্মরত ইউএন মিশনে আমাদের একজন করে দুজন মেজর জেনারেল পদবির ডেপুটি ফোর্স কমান্ডার নিযুক্ত রয়েছেন। এ ছাড়া মালি, আইভোরিকোস্ট ও কঙ্গোতে আমাদের সেক্টর কমান্ডার নিয়োজিত রয়েছেন।
রাষ্ট্রপতি জাতিসংঘ শান্তি মিশনে কর্মরত অবস্থায় শহীদ ১৩০ বাংলাদেশি শান্তিরক্ষীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া শান্তি মিশনে কর্মরত অবস্থায় মারা যাওয়া ছয় শান্তিরক্ষীর পরিবার ও আহত ৩০ জনের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি।