পেশাদারদের জ্বালানি খাতের দায়িত্ব নিতে হবে: ড. কামাল
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে এক গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীরা দেশের জ্বালানি খাতের নিরাপত্তার জন্য অন্য কিছুর আগে সুশাসন নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। ওই আলোচনায় বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, পেশাদার লোকদের জ্বালানি খাতের দায়িত্ব নিতে হবে।
গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির মাইডাস সেন্টার ভবনে ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা: চ্যালেঞ্জেস অ্যান্ড প্রসপেক্টাস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় আলোচকেরা এসব কথা বলেন। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন যৌথভাবে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে।
ড. কামাল হোসেন বলেন, পেট্রোবাংলা, বাপেক্স এবং এনার্জি রেগুলেটরি কমিশনে পেশাদার লোকদের দায়িত্ব দিতে হবে। বাপেক্সকে পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানিতে বাংলাদেশের বিশেষজ্ঞরা কাজ করছেন। এসব লোক দেশে কাজ করার কোনো সুযোগ পাননি। তিনি বিদ্যুৎ উৎপাদনে কুইক রেন্টালেরও সমালোচনা করেন।
টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জ্বালানি খাতে নিরাপত্তা নিশ্চিত করতে হলে আগে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, বাপেক্সসহ জ্বালানি-সংক্রান্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে কোনো অডিট হয় না। সুশাসন যে নেই, এটাই তার প্রমাণ।
আলোচনায় অন্যান্যের মধ্যে সাবেক পররাষ্ট্রসচিব সি এম শফি সামি, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা ম. তামিম বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।