পেশার আইনি স্বীকৃতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌনকর্মীদের জাতীয় সম্মেলনে একজন যৌনকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে গেলে বাপের নাম জানতে চায়। তখন বাপের মিথ্যা নাম দেই। যৌনকর্মী পেশার কথা উল্লেখ করলে বাচ্চাকে স্কুলে ভর্তি করে না। তাই বাসাবাড়িতে কাজের কথা বলি।’গতকাল বুধবার বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে ‘যৌনকর্মীদের অধিকার ও আইনি সহায়তা’ শীর্ষক জাতীয় সম্মেলনে ওই যৌনকর্মী এ কথা বলেন। যৌনকর্মীদের সংগঠন দুর্জয় নারী সংঘ এবং এর নেটওয়ার্কের সদস্য সংগঠন এবং বাংলাদেশ উইমেন্স হেলথ কোয়ালিশন এই সম্মেলনের আয়োজন করে।এসময় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেহের আফরোজ চুমকি যৌনকর্মীদের আইনি স্বীকৃতির বিষয়ে জোর দেন।সাংসদ তারানা হালিম বলেন, রাষ্ট্র যৌনকর্মীদের মিথ্যা বলতে বাধ্য করছে। শুধু মায়ের পরিচয়েই সন্তানকে স্কুলে ভর্তি করা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, তিনি যৌনকর্মীদের অধিকার নিয়ে জাতীয় সংসদে কথা বলবেন।দিনভর এই সম্মেলনে ১২টি যৌনপল্লি, হিজড়াদের পাঁচটি সংগঠনসহ ১৭টি ভাসমান যৌনকর্মী সংগঠনের প্রায় ৭০০ যৌনকর্মী ও তাদের ছেলেমেয়ে ছাড়াও সাংসদ, সরকারি কর্মকর্তা এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে বলা হয়, দেশে নারী যৌনকর্মীর সংখ্যা ৭৪ হাজার ৩০০। এর মধ্যে ভাসমান যৌনকর্মীর সংখ্যা ৩০ হাজার ৭০০।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, এফএইচআই ৩৬০, অ্যাকশনএইড বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন, সেভ দ্য চিলড্রেন এবং সম্মেলন আয়োজক সংস্থার প্রতিনিধিরা যৌনকর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।আলোচনার এক ফাঁকে মিলনায়তনের বাইরে সচেতন শিল্পী সংঘের প্রেসিডেন্ট ইভান আহমেদ প্রথম আলোকে বলেন, ‘যৌনকর্মীদের চেয়েও হিজড়াদের অবস্থা খারাপ। সন্তান সমকামী পুরুষ অথবা যৌনকর্মী হলেও বাবা-মা তাদেরকে সন্তান হিসেবেই মেনে নেন। কিন্তু হিজড়াদের বেলায় বাবা-মাও সন্তান হিসেবে স্বীকৃতি দেন না।’সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক অব বাংলাদেশের সেক্রেটারি হেনা আক্তার বলেন, ‘একজন খদ্দেরের জায়গায় ১০ জন আইস্যা ধর্ষণ করলেও বিচার পাই না। বিচার চাইতে গেলে সবাই খারাপ গালি দেয়।’সম্মেলনের শুরুতে সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক অব বাংলাদেশের সভাপতি জয়া শিকদার নেটওয়ার্কের কাজ নিয়ে আলোচনা করেন।