প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা
পেশার উৎকর্ষের জন্য সংবাদপত্র কার্যালয়ে গ্রন্থাগার থাকা চাই
সাংবাদিকতা পেশার উৎকর্ষের জন্যই সংবাদপত্র কার্যালয়গুলোতে ছবি ও তথ্যের বড় সম্ভার গড়ে তোলা প্রয়োজন। তাহলে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে কার কী অবস্থান ছিল, অসন্তোষের সময় কে কার দিকে বন্দুক তাক করেছিল, তা নিয়ে বিতর্কের সৃষ্টি হবে না।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সাংবাদিকতা ও গ্রন্থাগার: প্রেক্ষিত বর্তমান’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এ কথা বলেন। তাঁরা আরও বলেন, অধিকাংশ সংবাদপত্র কার্যালয়ে গ্রন্থাগার নেই। সাংবাদিকেরা আগে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) থেকে বিভিন্ন রেফারেন্স সংগ্রহ করতে পারতেন। কিন্তু এখন প্রতিষ্ঠানটি সরকারি কর্মকর্তাদের ‘ডাম্পিং গ্রাউন্ডে’ পরিণত হয়েছে। সেমিনারে প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেন, প্রতিটি সংবাদপত্র কার্যালয়ে গ্রন্থাগার থাকা প্রয়োজন, যেখানে বিভিন্ন বিষয়ের বিপুলসংখ্যক বইয়ের পাশাপাশি ‘ক্লিপিং সেকশন’ থাকবে। বই ও খবরের কাগজে প্রকাশিত প্রতিবেদনের কপির পাশাপাশি সংবাদচিত্রও সংগ্রহে থাকতে হবে। তাহলে মালিবাগ এলাকায় মিছিল থেকে কে বন্দুক উঁচিয়েছিল, তা নিয়ে বিতর্ক হবে না।জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য আতাউস সামাদ বলেন, বাংলাদেশে রাজনীতি খুব সক্রিয়, এতে ঘাত-প্রতিঘাত আছে, বিতর্ক আছে। কে, কখন, কী করছে; সেটির রেকর্ড থাকা প্রয়োজন। তিনি আরও বলেন, দৈনিক পূর্বদেশ, দৈনিক আজাদ, দৈনিক বাংলার মতো অনেক পত্রিকা বন্ধ হয়ে গেছে। এসব পত্রিকা বিভিন্ন ঘটনার সাক্ষী।ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাখাওয়াত আলী খান বলেন, বিষয়ভিত্তিক ও তথ্যসমৃদ্ধ বইয়ের পাশাপাশি গ্রন্থাগারগুলোতে ভাষার ওপর প্রচুর বই থাকা দরকার। কারণ গণমাধ্যমের ভাষা খুব দুর্বল হয়ে যাচ্ছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, যিনি কোনো একটি পাতার দায়িত্বে আছেন, তাঁকে পাঠকের কাছে সুন্দর কাগজ তুলে দিতে হলে নিজেকে সমৃদ্ধ করতে হবে বই পড়ে। ইংরেজি দৈনিক নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, গণআন্দোলন ও রাজনীতির ধারা বুঝতে পত্রিকার কার্যালয়ে গ্রন্থাগার থাকা প্রয়োজন।জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ বলেন, সাংবাদিককে জীবনমুখী হতে হলে বই পড়তেই হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি মজিদ মাহমুদ। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের অধ্যাপক নাসির উদ্দিন মুন্সী। স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ। সঞ্চালক ছিলেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নূরুল হাসান খান।