পেশার পরিচয়ই নিবন্ধন নম্বর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’, ‘পুলিশ’, ‘প্রেস’ ও ‘মুক্তিযোদ্ধা’। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন সড়কে এভাবে মোটরসাইকেলের নম্বর প্লেটে পেশাগত পরিচয় লিখে নিয়ে সড়কে অবাধে চলাচল করছে নিবন্ধনহীন মোটরসাইকেল।
খোঁজ নিয়ে জানা গেছে, এই উপজেলায় প্রায় ৪০ হাজারেরও বেশি মোটরসাইকেল রয়েছে। এসব মোটরসাইকেল প্রতিদিন উপজেলার বিভিন্ন সড়কে চলাচল করে। প্রায় দিনই পুলিশ গুরুত্বপূর্ণ সড়কে নিয়মিত তল্লািশচৌকি বসিয়ে মোটরসাইকেলের নিবন্ধন ও চালকের অনুমোদনপত্র (ড্রাইভিং লাইসেন্স) দেখছে। মালিকদের বিরুদ্ধে মোটরযান আইনের বিভিন্ন ধারায় মামলাও দিচ্ছে। আবার অনেক মোটরসাইকেলের মালিক পুলিশকে ‘ম্যানেজ’ করে মামলা থেকে রেহাই পাচ্ছেন।
পেশার িস্টকার লাগানো নিবন্ধনহীন কয়েকটি মোটরসাইকেলের মালিক প্রথম আলোকে জানান, তাঁরা মোটরসাইকেলের নিবন্ধন করতে পারেননি। পুলিশের তল্লাশিচৌকির কবলে পড়লে ৫০০ থেকে দেড় হাজার টাকা ঘুষ দিতে হয়। আর পেশাগত স্টিকার লাগানো থাকলে ঝামেলায় পড়তে হয় না।
জয়পুরহাট আদালতের আইনজীবী বিমান চন্দ্র বসাক বলেন, বিআরটিএ নিবন্ধনকৃত যানবাহনে কেউ তাঁর পেশাগত পরিচয় লিখে নিয়ে সড়কে চলাচল করলে দোষের কিছু নেই। নিবন্ধন ছাড়া যানবাহনে পেশা ও ব্যক্তি পরিচয় লিখে সড়কে চলাচল করলে এটি হবে অপরাধ।
পুলিশের একটি সূত্র জানায়, পুলিশ উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে প্রতিনিয়ত যানবাহনের কাগজপত্র যাচাই করে। এতে অর্ধেকেরও বেশি মোটরসাইকেলের নিবন্ধন থাকে না। তদবিরের কারণে অধিকাংশ মোটরসাইকেল ছেড়ে দিতে হয়। অনেকেই আবার নিবন্ধনবিহীন মোটরসাইকেলে নিজের পেশাগত স্টিকার লাগিয়ে চলাচল করেন। এসব মোটরসাইকেল পুলিশ ইচ্ছা করেই এড়িয়ে যায়।
আক্কেলপুর থানার একজন উপপরিদর্শক প্রথম আলোকে জানান, তিনি নিবন্ধনবিহীন মোটরসাইকেলের মালিকের সঙ্গে কথা বলে জেনেছেন, নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স করার জন্য বিআরটিএ কার্যালয়ে গিয়ে তাঁরা হয়রানির শিকার হন।