পেশার সঙ্গে আয়ের সংগতি নেই ৯ কাউন্সিলর প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব পৌরসভায় কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে নয়জন প্রার্থীর পেশার সঙ্গে আয়ের মিল নেই। উপজেলা নির্বাচনী কার্যালয়ে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া তাঁদের হলফনামা ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি রুহুল আমিন খান বলেন, হলফনামায় পেশা ও আয় সম্পর্কে তথ্য গোপন করা অন্যায়। এ ব্যাপারে ভোটারদের সচেতন থাকতে হবে।
নির্বাচনী কার্যালয় সূত্রে জানায়, পৌরসভায় নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৮ জন ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হলফনামায় দেখা গেছে, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল হাই বকাউল ও ২ নম্বর ওয়ার্ডের লিয়াকত আলী সরকার পেশা হিসেবে কৃষি দেখিয়েছেন। এ খাত থেকে তাঁদের বাৎসরিক আয় নেই। তাঁদের কৃষিজমিও নেই। লিয়াকত আলী সরকার অন্যান্য খাত থেকে বছরে ১ লাখ ৩১ হাজার টাকা আয় করেন। আবদুল হাই বকাউলের কোনো আয়ই নেই।
৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী সিরাজুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের হেলাল উদ্দিন ও ৩ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান মনির ব্যবসায়ী। সিরাজুল ইসলাম ব্যবসা থেকে বছরে মাত্র ৩ হাজার টাকা আয় করেন। বাকি দুজন এ খাত থেকে কোনো আয় করেন না। হেলাল উদ্দিন অন্যান্য উৎস থেকে বছরে ১ লাখ ৭০ হাজার টাকা আয় করেন। আর মনিরুজ্জামান মনির পোশাক ব্যবসায়ী হলেও তিনি দাওয়াখানা ব্যবসা থেকে বছরে ৩০ হাজার টাকা আয় করেন।
৬ নম্বর ওয়ার্ডের মামুনুর রশিদ ও ৫ নম্বর ওয়ার্ডের সালাউদ্দিন চাকরিজীবী। তবে এ খাত থেকে তাঁরা আয় করেন না। অন্যান্য খাত থেকে মামুনুর রশিদ বছরে ২ লাখ ৫৫ হাজার ও সালাউদ্দিন প্রধান বছরে ২ লাখ ৬০ হাজার টাকা আয় করেন।
৫ নম্বর ওয়ার্ডের শাজাহান সাগর শিক্ষকতাকে পেশা দেখালেও এ খাত থেকে তাঁর বাৎসরিক আয় নেই। অন্যান্য খাত থেকে তিনি বছরে ২ লাখ ৪০ হাজার টাকা আয় করেন। সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী মাইরিন সুলতানা ক্ষুদ্র ব্যবসায়ী। এ খাতে তাঁর আয় নেই। অন্যান্য খাত থেকে বছরে তিনি ৮০ হাজার টাকা আয় করেন।
নাম প্রকাশ না করার শর্তে ৭ নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর প্রার্থী বলেন, ব্যবসায় লোকসান হয়। এ জন্য তিনি আয় দেখাননি। অন্য খাত থেকে আয় দেখিয়েছেন।
৬ নম্বর ওয়ার্ডের তিন-চারজন বাসিন্দা বলেন, হলফনামায় অনেক প্রার্থীর দেওয়া তথ্যই গোঁজামিল ধরনের। এসব প্রার্থীর পেশা ও আয় বিপরীতধর্মী। নির্বাচিত হওয়ার আগেই তাঁরা জনগণকে ধোঁকা দিচ্ছেন।