বিতর্কচর্চা করলে আত্মশুদ্ধি ঘটিয়ে পরিপূর্ণ মানুষ হওয়া যায়। পেশিশক্তির চেয়ে যুক্তির শক্তি অনেক বেশি শাণিত। গতকাল বুধবার ফরিদপুর ও ময়মনসিংহ অঞ্চলে অনুষ্ঠিত বিতর্ক উৎসবে অতিথিরা এসব কথা বলেন। ৩০ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হয়েছে পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উৎসব-২০১৩। অঞ্চলভিত্তিক প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় বিতর্ক উৎসব।

ফরিদপুর
সকাল সাড়ে নয়টায় ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকার। তিনি বলেন, বিতর্ক করলে নিজেকে সঠিকভাবে চেনা যায়। বিতর্কচর্চা করলে আত্মশুদ্ধি ঘটিয়ে পরিপূর্ণ মানুষ হওয়া যায়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিতর্কবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। পরিচালনা করেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান। তিনি বলেন, বিতর্ক একটি নান্দনিক বাকশিল্প। এই শিল্পের প্রসার ঘটানোর জন্যই জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করা হয়েছে।
আরও বক্তব্য দেন অধ্যাপক শেখ মোতালেব হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক চৈতন্য চন্দ্র দাস, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক তালুকদার আনিসুল ইসলাম, সরকারি ইয়াছিন কলেজের প্রভাষক সরাজ চক্রবর্ত্তী, ফরিদপুর ডিবেট ফোরামের শান্তনু ভট্টাচার্য প্রমুখ। বিতর্কে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন ও রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় রানার্সআপ হয়। সেরা বিতার্কিক হয়েছে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের মাহজাবিন রিসা। উৎসবে ফরিদপুর ও রাজবাড়ী জেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। বিদ্যালয়গুলো হলো: ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয়, ফরিদপুর জিলা স্কুল, বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয়, মধুখালী পাইলট উচ্চবিদ্যালয়, এমএন অ্যাকাডেমি, ভাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়, মুসলিম মিশন দাখিল মাদ্রাসা, কাজী জেবুন্নেসা উচ্চবিদ্যালয়, রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়।

ময়মনসিংহ
সকাল নয়টা ৩০ মিনিটে ময়মনসিংহ জিলা স্কুলে উৎসবের উদ্বোধন করেন প্রধান শিক্ষক মো. ইউনুছ ফারুকী। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রভাষক সৈয়দ মামুন রেজা বলেন, পেশিশক্তির চেয়ে যুক্তির শক্তি অনেক বেশি শাণিত। উৎসবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী আধ্যাপক ভাস্কর সেনগুপ্ত, কৃষি বিশ্ববিদ্যালয় উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরুজ জাহান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মাকসুদা পারভীন, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুন নাহার, মহাখালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সালাউদ্দিন রাজীব, সুতিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা খাতুন প্রমুখ। দিনব্যাপী বিতর্ক শেষে বিজয়ী হয় ময়মনসিংহ জিলা স্কুল এবং রানার্সআপ হয় নেত্রকোনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। সেরা বিতার্কিক হয়েছে ঈশ্বরগঞ্জ চরনিখলা উচ্চবিদ্যালয়ের তানজিলা আক্তার। বিতর্কের বিরতিতে অতিথিদের অংশগ্রহণে এক আকর্ষণীয় রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়। উৎসবে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার ১৫টি স্কুল অংশ নেয়। স্কুলগুলো হচ্ছে: ময়মনসিংহ জিলা স্কুল, প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল, সোয়াইতপুর উচ্চবিদ্যালয়, বিশ্বেশ্বরী পাইলট উচ্চবিদ্যালয়, ইশ্বরগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়, চরনিখলা উচ্চবিদ্যালয়, প্রগেসিভ মডেল স্কুল, পুলিশ লাইন উচ্চবিদ্যালয়, ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয়, গভ ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল, লেতু মণ্ডল উচ্চবিদ্যালয়, আঞ্জুমান আর্দশ সরকারি উচ্চবিদ্যালয়, নেত্রকোনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট উচ্চবিদ্যালয়।

জামালপুর: পেপসোডেন্ট-প্রথম আলো জাতীয় স্কুল বিতর্ক উত্সবের জামালপুর অঞ্চলের উত্সব গতকাল বুধবার জামালপুর জিলা স্কুলে অনুষ্ঠিত হয়েছে। এতে জামালপুর ও শেরপুর থেকে নয়টি বিদ্যালয় অংশ নেয়।
সকাল সাড়ে ১০টায় জামালপুর বন্ধুসভার পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে উত্সব শুরু হয়। এরপর জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক নাছিমা আক্তার উত্সবের উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য দেন জামালপুর বন্ধুসভার সহসভাপতি মাসুদ রানা ।
‘ইন্টারনেট মানুষের অবসর কেড়ে নিয়েছে’, ইন্টারনেটের কুফল সম্পর্কে এমন যুক্তি-তর্কের মাধ্যমে উত্সবে পক্ষ-বিপক্ষ দলের বিতার্কিকেরা মেনে ওঠে। উত্সবে জামালপুর জিলা স্কুল চ্যাম্পিয়ন ও জামালপুর উচ্চবিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় জামালপুর জিলা স্কুলের দলনেতা যোবায়ের হাসান। উত্সব পরিচালনা করেন জামালপুর বন্ধুসভার সভাপতি দীপ সরকার।