পোকা দমনে আলোক ফাঁদ
যশোরের মনিরামপুর উপজেলায় আমনখেতের সুরক্ষায় আলোক ফাঁদ প্রযুক্তির ব্যবহার বাড়ছে। ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি পর্যবেক্ষণ ও তা দমন করতে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় কৃষকেরা ইতিমধ্যে উপজেলার ৫২টি ব্লকে আলোক ফাঁদ স্থাপন করেছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, মনিরামপুরে ২১ হাজার ৯৭০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। কিন্তু জলাবদ্ধতার কারণে ৪ হাজার ৮১০ হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে। এ ছাড়া ১৫০ হেক্টর জমিতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। কয়েক দিন পর গাছে থোড় আসবে। এই সময়ে ধানে বাদামি ঘাস ফড়িং, সবুজ ঘাস ফড়িং, পাতামোড়ানো পোকা, গান্ধী পোকা, মাজরা পোকাসহ বিভিন্ন ক্ষতিকর পোকা আক্রমণ করে। পোকার উপস্থিতি নির্ণয় করতে ২১ সেপ্টেম্বর থেকে আমনখেতে আলোক ফাঁদ ব্যবহার শুরু করা হয়েছে, ১৫ অক্টোবর পর্যন্ত চলবে। কৃষি সম্প্রসারণ দপ্তর ১০টি ব্লকে আলোক ফাঁদ স্থাপন করেছে। অবশিষ্ট ৪২টি ব্লকে কৃষি কর্মকর্তাদের সহায়তায় কৃষকেরা এই আলোক ফাঁদ স্থাপন করেছেন। এ মৌসুমে আলোক ফাঁদের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে। গত বছর ৫২টি ব্লকে ২৬০টি আলোক ফাঁদ স্থাপন করা হয়েছিল।
উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, রাতের বেলায় খেতে বৈদ্যুতিক বাল্ব টানানো হয়। বাল্বের নিচে পাত্র রাখা হয়। পাত্রের মধ্যে ডিটারজেন্ট বা কেরোসিনমিশ্রিত পানি থাকে। আকৃষ্ট হয়ে পোকামাকড় আলোর কাছে আসে এবং পাত্রের পানির মধ্যে পড়ে মারা যায়। ওই পোকামাকড় দেখে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি নির্ণয় করা হয়। একটি খেতে তিন দিন এই আলোক ফাঁদ রাখতে হয়।
উপজেলার রোহিতা গ্রামের কৃষক আইয়ুব আলী এবার ১২ বিঘার আমনের খেতে সম্প্রতি বিভিন্ন পোকার আক্রমণ দেখা দিয়েছে। আইয়ুব আলী বলেন, ‘কৃষি বিভাগের পরামর্শে খেতে আলোক ফাঁদ ব্যবহার শুরু করেছি।’ হানুয়ার গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, ‘আমি পাঁচ বিঘা জমিতে এবার আমন ধানের চাষ করেছি। পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে আলোক ফাঁদ প্রযুক্তি ব্যবহার করছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার তরফদার বলেন, জলাবদ্ধতার কারণে ভবদহ অঞ্চলে আমন ধানের খেত নষ্ট হয়ে গেছে। পোকার আক্রমণে যাতে ফলনে প্রভাব না পড়ে, সে জন্য এবার আগে থেকেই বেশিসংখ্যক আলোক ফাঁদ ব্যবহার করা হচ্ছে। এতে ব্যয় একেবারেই কম। ইতিমধ্যে উপজেলার সব ব্লকে আলোক ফাঁদ প্রযুক্তি স্থাপন করা হয়েছে।