পোগোজ স্কুল অ্যান্ড কলেজে বিদায় সংবর্ধনা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ল্যাবরেটরি হিসেবে একীভূত পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান বলেন, চলতি শিক্ষাবর্ষ (২০১৬) থেকে পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এসএসসি পাস করা শিক্ষার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো-সংবলিত সনদ দেওয়া হবে। এ ছাড়া এই শিক্ষাপ্রতিষ্ঠানের সব সমস্যা ক্রমান্বয়ে সমাধান করা হবে৷
পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান, পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মনির হোসেন প্রমুখ বক্তব্য দেন।