পোড়া তেলে ভাজা খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবেকার সেদ্ধ করা ছোলা, তা জানেন না দোকানি নিজেই! দোকানঘরের তাকে ফেলে রাখা হয়েছে খামির। রেফ্রিজারেটরের ভেতরে একসঙ্গে কাঁচা মাছ-মাংস, ডাল, কাবাব, রোল রাখা। প্রতিদিন মুখরোচক খাবারগুলো ভাজা হয় যে তেলে, সেগুলো তো পুড়ে মবিলের চেহারা নিয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরের জামালখান এলাকার রহমানিয়া কুলিং কর্নারে অভিযান চালিয়ে এ চিত্র পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অপরিচ্ছন্ন পরিবেশে খাবার সংরক্ষণ ও পোড়া তেলে খাবার ভাজাসহ নানা অনিয়মের জন্য দোকানটিকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। তিনি বলেন, দোকানটিতে খুবই নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হয়। জরিমানার পাশাপাশি দোকানে থাকা ৫০ লিটার পোড়া তেল ও ২০ মণ বাসি জিলাপির রস নষ্ট করে দেওয়া হয়েছে।