পোড়া শরীর নিয়ে কাতরাচ্ছেন গৃহবধূ
অ্যাসিডে ঝলসে গেছে শারমিন বেগমের (২০) দেহের ১৬ শতাংশ। পোড়া শরীর নিয়ে হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন গাইবান্ধার এই গৃহবধূ।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১৬ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর শয্যায় চিকিৎসাধীন শারমিন।
চিকিৎসক মারুফুল ইসলাম জানান, অ্যাসিডে শারমিনের কাঁধ থেকে ডান পায়ের তলা পর্যন্ত পুড়ে গেছে।
শারমিনের অভিযোগ, যৌতুক না পেয়ে তাঁর স্বামী তাঁকে অ্যাসিড ছুড়েছেন। যদিও তাঁর স্বামী হামিদুলের দাবি, তিনি কিছু টাকা চেয়ে স্ত্রীকে চাপ দিচ্ছিলেন ঠিকই, কিন্তু তিনি অ্যাসিড মারেননি। শারমিন নিজেই গায়ে আগুন লাগিয়েছেন।
তবে শারমিন বলেন, ‘নিজেকে বাঁচাতে ওমরা (স্বামী) এ কথা বলে বেড়াচ্ছে। এতই যদি মায়া-দয়া থাকত, তাইলে একটা দিন হাসপাতালোত হামাক দেইকপার আসিল না?’
রংপুর জেলা মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক ফারজানা সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনায় দোষী ব্যক্তির শাস্তির দাবি জানানো হয়েছে। গত বুধবার এ বিবৃতি দেওয়া হয়।
গাইবান্ধা সদর উপজেলার নয়ানি সাদেকপুর গ্রামের দিনমজুর সামিউল ইসলামের মেয়ে শারমিন বেগমের সঙ্গে পাশের গ্রাম খামার পীরগাছার জহুরুল মিয়ার ছেলে হামিদুলের গত জুলাইয়ে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁরা নারায়ণগঞ্জে বসবাস করেন।
শারমিনের অভিযোগ, বিয়ের পর থেকেই এক লাখ টাকা যৌতুকের জন্য তাঁকে চাপ দেন হামিদুল। কিন্তু তাঁর দিনমজুর বাবার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। মারধর করা হতো তাঁকে। গত ২৮ জানুয়ারি তাঁর কাঁধে কী যেন ঢেলে দেওয়া হয়। এতে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করলে স্বামীই তাঁকে ওষুধ এনে মেখে দেন। একপর্যায়ে ১২ ফেব্রুয়ারি তাঁকে গাইবান্ধায় শ্বশুরের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি জানতে পেরে হামিদুলের বাড়ি থেকে শারমিনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার হাসপাতালে শারমিনের বাবা সামিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মাইয়ার মুখের দিকে তাকান যায় না। কষ্ট লাগে। হামরা গরিব মানুষ। কী করমো বুঝি উঠপার পাইতোছি না।’
ওসি মেহেদী হাসান বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।