পোনা ছাড়ে সরকার লাভ ইজারাদারের
বর্ষা যখন অনেকটা গুটিয়ে আসে। হাওর-বাঁওড়, নদী-নালার পানিতে শুরু হয় ভাটার টান। তখন এসব স্থানে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য বিভাগ। এতে একদিকে পোনা বড় হওয়ার সময় থাকে না। অন্যদিকে পোনা মাছগুলোও হাওরের বিলগুলোতে আটকা পড়ে। এতে করে বিলের ইজারাদারেরা লাভবান হচ্ছেন। সাধারণ মানুষ পোনা অবমুক্তির কোনো সুফল পাচ্ছেন না।
বিলের ইজারাপ্রথা বাতিল করে বর্ষার শুরুতে বিল নার্সারির মাধ্যমে পোনা অবমুক্ত করা গেলে হাওরে মাছের উৎপাদন যেমন বৃদ্ধি পেত। তেমনি সাধারণ মানুষ সরকারি পোনা অবমুক্তির সুফল ভোগ করতে পারতেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মৎস্য বিভাগ সেপ্টেম্বর মাসে হাকালুকি, কাউয়াদীঘি, হাইল হাওর এবং বিভিন্ন নদী ও বিলে ১৫ লাখ ৫০ হাজার টাকার রুই, কাতল, মৃগেল ও গনিয়া জাতের পাঁচ হাজার ৩০০ কেজি পোনা মাছ অবমুক্ত করেছে। রাজস্ব খাত থেকে সাত লাখ টাকার পোনা ছাড়া হয়েছে। বড়লেখা উপজেলার হাকালুকি হাওরের কুটাউড়া-পলোভাঙা বিলে আরও ২৮২ কেজি পোনা ছাড়া হবে। জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন সময় দিতে না পারায় অবমুক্তি বিলম্বিত হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, বর্ষার শেষের দিকে এই পোনা ছাড়ার ফলে এর সফলতা সাধারণ মানুষ ভোগ করতে পারেন না। সেপ্টেম্বর মাসে পানির আয়তন কমে আসায় পোনা ছাড়ার পরপরই তা জেলেদের জালে আটকা পড়ে। অন্যদিকে পানি শুকিয়ে বিভিন্ন বিলে সীমিত হয়ে পড়ে। বিলে আটকা পড়ে এই মাছ। এসব বিলের মালিক ইজারাদারেরা।
মৌলভীবাজার হাওর বাঁচাও, কৃষি বাঁচাও সংগ্রাম কমিটির সভাপতি সিরাজ উদ্দিন আহমদ বাদশা বলেন, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে পোনা ছাড়লে লাভ হতো। এখন পানি কমে যাচ্ছে। স্থানে স্থানে জেলেদের জালে ধরা পড়ে যাচ্ছে এসব পোনা। পানি কমলে বাকিটা বিলের মধ্যে আটকা পড়বে। এতে ইজারাদারই লাভবান হচ্ছেন। মৎস্য বিভাগ জানিয়েছে, বাজেট বরাদ্দ, টাকা পাওয়া এবং দরপত্রের প্রক্রিয়া সম্পন্ন করে সেপ্টেম্বরের আগে পোনা ছাড়া সম্ভব হয় না।
মৎস্য অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নৃপেন্দ্র চন্দ্র দাস বলেন, বাজেট পেতে অনেক দেরি হয়ে যায়। আগেভাগে বাজেট পেলেও সে সময় চার ইঞ্চির ওপরের পোনা পাওয়া যায় না। এ জন্য বিল নার্সারির বিকল্প নেই। বিল নার্সারি হলে বর্ষার একেবারে শুরুতেই পোনা ছাড়া যাবে। এতে মাছ বড় হবে। উৎপাদন বেড়ে যাবে। তবে দেরিতে ছাড়লেও জেলেরা যাতে মাছ ধরতে না পারেন, এ জন্য মৎস্য বিভাগ সতর্ক আছে। এবার চার থেকে সাত-আট ইঞ্চি আকারের পোনা ছাড়া হয়েছে।