পোনা ধরায় ১১ জেলের কারাদণ্ড
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে পোনা ধরার অপরাধে ১১ জেলেকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এই আদালত পরিচালনা করেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হচ্ছেন নলডাঙ্গার বাসিলা গ্রামের আলফাজ হোসেন, কামাল হোসেন, খাজা হোসেন, ফায়েম উদ্দিন, জহুরুল ইসলাম, ফাহিন বাগ, ফরহাদ হোসেন, ভুট্টু শেখ, আজিজুল ইসলাম, সিরাজুল ইসলাম ও সাহেব আলী।
আদালতসংশ্লিষ্ট জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশের সহায়তায় নৌকা নিয়ে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। এঁরা পোনা শিকার করছিলেন। তাঁদেরকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযানে জব্দ করা তিন হাজার মিটার বাদাই জাল (খুব ছোট ছিদ্রের জাল) পুড়িয়ে ফেলা হয়।
মৎস্য আইন অনুযায়ী, জুন থেকে অক্টোবর পর্যন্ত পোনা ধরা নিষিদ্ধ। অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুদ দাইয়ান ও পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।