পোনাবোঝাই পিকআপভ্যান ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কণ্ঠিনালা সেতু এলাকায় গত শনিবার গভীর রাতে জব্দ করা পোনাবোঝাই একটি পিকআপভ্যান দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ, মৎস্য বিভাগ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়ার পথে শনিবার দিবাগত রাত সোয়া একটার দিকে জুড়ী-কুলাউড়া সড়কের ভোগতেরা এলাকায় স্থানীয় লোকজন পোনাবোঝাই একটি পিকআপভ্যান আটক করেন। গাড়িটিতে ১১টি প্লাস্টিকের ড্রামে কালবাউশ, বোয়াল, পাবদা, মলাসহ বিভিন্ন জাতের মাছের প্রায় ৭০০ কেজি পোনা ছিল। নিষিদ্ধ জাল দিয়ে হাকালুকি হাওর থেকে এসব পোনা নিধন করা হয়। খবর পেয়ে রাত দেড়টার দিকে পুলিশ ও মৎস্য বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে পোনাসহ গাড়িটি জব্দ করেন। পুলিশি পাহারায় উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসার পথে কণ্ঠিনালা সেতু এলাকায় মাছ ব্যবসায়ী ফিরোজ, মাসুক, কনুসহ ২০-২৫ জন লোক গাড়িটি আটকান। একপর্যায়ে তাঁরা গাড়িতে চালকের পাশে বসা উপজেলা মৎস্য কার্যালয়ের অফিস সহকারী মহিদুর রহমানকে জোর করে টেনে নামিয়ে দেন। পরে চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে ঢাকার পথে চলে যান।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার দাস গতকাল রোববার বিকেলে মুঠোফোনে বলেন, ‘জব্দ করার পর গাড়িটি উপজেলা পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হচ্ছিল। সিএনজিচালিত একটি অটোরিকশায় করে গাড়িটির পিছু পিছু যাচ্ছিলাম আমরা। এর মধ্যে একটি ট্রাক এসে দুটি গাড়ির মাঝখানে ঢুকে পড়ে। পরে শুনি পোনাবোঝাই গাড়িটি লোকজন ছিনিয়ে নিয়ে গেছে।’
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম-ঠিকানা সংগ্রহ করে মামলা করা হবে।
বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে অভিযুক্ত ফিরোজ মিয়া ও মাসুক মিয়ার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।