পোপ ফ্রান্সিসের পরামর্শ বৈঠকে ড. ইউনূস
পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটিতে দুই দিনের এক পরামর্শ বৈঠকে যোগ দেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। গত শনি ও রোববারের ওই বৈঠকে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। এতে ড. ইউনূস ছাড়াও বিশ্বের বড় বড় চিন্তাবিদেরা যোগ দেন। গতকাল রোববার ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বসূরিদের মতো পোপ ফ্রান্সিসও বর্তমান বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার জোরালো সমালোচক। তিনি এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা দেখতে চান, যেখানে ব্যক্তি মানুষের মর্যাদা গুরুত্ব পাবে। এ নিয়ে আলোচনার জন্যই ‘দ্য গ্লোবাল কমন গুড: টুয়ার্ডস এ মোর ইনক্লুসিব ইকোনমি’ শীর্ষক দুই দিনের ওই পরমার্শ বৈঠকের আয়োজন করে ভ্যাটিকান।
বৈঠকের যোগ দেন অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) মহাসচিব হোসে অ্যাঙ্গেল গুরিয়া, ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর মার্ক কার্নি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাইকেল কামেডেসাস, নাইজেরিয়ার অর্থমন্ত্রী এনগোজি ওকোনজো-ইউয়েয়ালা, আফ্রিকান উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট ডোনাল্ড কাবেরুকা, পরিবেশকর্মী ভান্ডানা শিবা, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হুগুয়েত্তে লাবেল্লে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউটের পরিচালক জেফারি শসেস প্রমুখ।
ড. ইউনূসের সামাজিক ব্যবসার ব্যাপারে পোপ ফ্রান্সিসের আগ্রহ আছে। বৈঠকে সামাজিক ব্যবসার মাধ্যমে কীভাবে দারিদ্র্য ও বেকারত্বমুক্ত বিশ্ব গড়ে তোলা সম্ভব, তা নিয়ে আলোচনা করেন ড. ইউনূস। তিনি বলেন, বর্তমান পুঁজিবাদী ব্যবস্থার তাত্ত্বিক কাঠামো নৈতিকভাবে ভুল এবং এই ব্যবস্থায় মানবসত্তার অবস্থান খুবই সংকীর্ণ। এই ব্যবস্থা দাঁড়িয়ে আছে ‘যোগ্যতমের টিকে থাকা’ নীতির ওপর ভর দিয়ে। কিন্তু মানবসমাজ তো জঙ্গলের ব্যবস্থা নয়। কাজেই ওই নীতি চলতে পারে না। মানবসমাজ হতে হবে ‘প্রত্যেকের জন্য সুযোগের সমতা’ নীতির ওপর ভিত্তি করে।