পোরশায় পাঁচ শতাধিক অবৈধ বিদ্যুৎ-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের পাঁচ শতাধিক অবৈধ সংযোগ রয়েছে। বিদ্যুতের মূল সংযোগ থেকে তার টেনে এই সংযোগ নেওয়া হয়েছে।
এদিকে অভিজ্ঞ ব্যক্তি ছাড়া মূল সংযোগ থেকে বিদ্যুৎ–সংযোগ নেওয়ায় তার ছিঁড়ে ঘটছে দুর্ঘটনা।
পল্লী বিদ্যুৎ সমিতির পোরশা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, পোরশায় বাসাবাড়ি ও বিভিন্ন ছোট-বড় কলকারখানায় ১৩ হাজার ৭৬৫টি সংযোগ রয়েছে। এর মধ্যে বাসাবাড়িতে ১১ হাজার ৭৪২টি সংযোগ আর চালকল, গভীর নলকূপসহ বিভিন্ন কলকারখানায় বাণিজ্যিক সংযোগ রয়েছে ২ হাজার ২৩টি।
গত শনিবার উপজেলার গাংগুরিয়া বাজারের রইছ উদ্দিনের ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, তাঁর মুদিদোকানে বাতি ও ফ্যান চলছে, কিন্তু কোনো মিটার নেই। বাজারের মধ্য দিয়ে চলে যাওয়া পল্লী বিদ্যুতের প্রধান লাইন থেকে অবৈধভাবে বিদ্যুৎ–সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছেন তিনি। রইছ বলেন, তিনি মিটারের জন্য দুই বছর আগে পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করেছেন, কিন্তু এখন পর্যন্ত পাননি। বাধ্য হয়ে মূল লাইন থেকে আলগা তার টেনে বিদ্যুৎ ব্যবহার করছেন।
গাংগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমজাদ হোসেন বলেন, এই বাজারে এ ধরনের অনেক অবৈধ সংযোগ রয়েছে। মিটার রিডার কিংবা লাইনম্যানরা এসব অবৈধ সংযোগকারীর কাছ থেকে টাকা নিয়ে সংযোগগুলো বিচ্ছিন্ন করেন না।
মশিদপুর ইউনিয়নের শিশাবাজার, নিশকিনপুর ও সোমনগর গ্রামেও এ ধরনের অনেক অবৈধ সংযোগ দেখা যায়। নিশকিনপুর গ্রামে গাছ ও বাঁশ পুঁতে খুঁটি হিসেবে ব্যবহার করছেন জাহিদুর রহমান। তিনি প্রায় ২৫০ মিটার দূর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের প্রধান লাইন থেকে তার টেনে বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করছেন। তিনি বলেন, ‘হামরা গরিব লোক। মিটার নিলে অনেক টাকা বিল আসবে। সেই টাকা শোধ করার সাধ্য হামাগেরে নেই। তাই মিটার নিচ্ছি না।’
এভাবে অবৈধ বিদ্যুৎ–সংযোগ নিতে গিয়ে ঘটছে অনেক দুর্ঘটনা। ১৪ সেপ্টেম্বর পোরশার গাঙ্গুর ইউনিয়নের সারাইগাছী গ্রামে ধানের জমির ওপর দিয়ে যাওয়া একটি করাতকলের (স মিল) বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী ও তাঁদের সন্তান (১০) মারা যায়।
উপজেলার ১০ জন ব্যক্তি বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন বিদ্যুতের অবৈধ সংযোগের বিষয়টি দেখেও না দেখার ভান করেন। অসাধু গ্রাহকদের কাছ থেকে লাইনম্যান ও মিটার রিডার ঘুষ নিয়ে বিষয়টি ধামাচাপা দেন। এসব অবৈধ সংযোগের কারণে প্রায়ই এলাকায় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা এড়াতে অবৈধ এসব সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করার দাবি জানান এলাকাবাসী।
পল্লী বিদ্যুৎ সমিতি পোরশার আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহীন চৌধুরী বলেন, পোরশায় প্রায় ১৩ হাজার গ্রাহক রয়েছেন। তাঁরাই গোপনে পাঁচ শতাধিক পার্শ্বসংযোগ দিয়েছেন। পল্লী বিদ্যুৎ সমিতির কোনো কর্মকর্তা-কর্মচারীর অবৈধ বিদ্যুৎ–সংযোগের ব্যাপারে জড়িত থাকার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।