টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে পোলিং কর্মকর্তার দায়িত্ব থেকে অবশেষে সেই চারজন নৈশপ্রহরী ও একজন পিয়নকে বাদ দেওয়া হয়েছে। গত সোমবার রাতে ওই পাঁচজনের নিয়োগ বাতিল করে আরও পাঁচ শিক্ষককে যুক্ত করা হয়েছে। এ নিয়ে সোমবার প্রথম আলোয় ‘নৈশপ্রহরী ও পিয়ন পোলিং কর্মকর্তা!’ শিরোনামে সংবাদ ছাপা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, সখীপুর পৌরসভা নির্বাচনে নয়টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য উপজেলার বিভিন্ন সরকারি কার্যালয়ের নয়জন কর্মকর্তাকে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে স্থানীয় উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের সঙ্গে আরও চারজন নৈশপ্রহরী ও একজন পিয়ন নিয়োগ দেওয়া হয়। নিয়োগ বাতিল হওয়া ওই পাঁচজন হচ্ছেন মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের নৈশপ্রহরী মনোয়ার হোসেন, ওই কার্যালয়ের এমএলএসএস রতন তালুকদার, বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী জহিরুল ইসলাম, গড়গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী শাহীন আলম ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন উপজেলা রিসোর্স সেন্টারের নৈশপ্রহরী মো. মিন্টু মিয়া।
নৈশপ্রহরী মনোয়ার হোসেন ও এমএলএসএস রতন তালুকদার বলেন, ‘শুনেছি, পত্রিকায় লেখার কারণে আমাদের পোলিং কর্মকর্তার দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে।’