পোলিওমুক্ত রাখতে নিরন্তর কাজ করে যেতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব পোলিওমুক্ত দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশ পোলিওমুক্ত হয়েছে। কিন্তু আশপাশের দেশ থেকে এখনো পোলিও দূর হয়নি। দেশকে পোলিওমুক্ত রাখতে নিরন্তর কাজ করে যেতে হবে। পাশাপাশি অন্যান্য দেশকেও পোলিও নির্মূলে সহযোগিতা করতে হবে।
গতকাল সোমবার বেলা তিনটায় চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল ৬-বি অঞ্চল এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের পরিচালক অধ্যাপক শাওয়ালাক রত্তাভিচ। আলোচনায় অংশ নেন সাবেক জেলা গভর্নর রফিক আহমদ সিদ্দিকী, সেলিম রেজা, মো. আয়ুব ও শহীদ আহমেদ চৌধুরী। সভা পরিচালনা করেন বিশ্ব পোলিও দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক সাবেক জেলা গভর্নর মোহাম্মদ এ আওয়াল।
শাওয়ালাক রত্তাভিচ বলেন, পোলিও হলে শুধু শিশুর জীবনই বিপন্ন হয় না, এতে করে একটি পরিবারও ধ্বংস হয়ে যায়। মিয়ানমার, আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে এখনো পোলিও পুরোপুরি নির্মূল করা যায়নি। তিনি বলেন, পোলিও নির্মূলে রোটারিয়ানরা কাজ করে যাচ্ছেন। সবার চেষ্টা থাকলে পোলিও দূর করা সম্ভব।
এর আগে সকালে বিশ্ব পোলিওমুক্ত দিবস উপলক্ষে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালির উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।