পোশাক আছে ব্যবহার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাঁখারী বাজারে যাত্রা-নাটক-সিনেমার পোশাকের দোকানে এখন ক্রেতা নেই বললেই চলে। এ রকম ফাঁকা একটি দোকান l প্রথম আলো
শাঁখারী বাজারে যাত্রা-নাটক-সিনেমার পোশাকের দোকানে এখন ক্রেতা নেই বললেই চলে। এ রকম ফাঁকা একটি দোকান l প্রথম আলো

হ্যাঙ্গারে লাল আর বেগুনি রঙের মখমলের পোশাক ঝোলানো। পাশেই একটি তাকে ঝলমলে পাগড়ি, মুকুট রাখা। মেঝেতে এক পাশে শুঁড়তোলা নাগরা জুতা। কোনো রাজার সাজঘরের দৃশ্য হতে পারত। কিন্তু আদতে পুরান ঢাকার শাঁখারীবাজার এলাকার একটি যাত্রা-নাটক-সিনেমার সাজপোশাকের দোকানের ভেতরের ছবি এটি।
ষাট-সত্তরের দশক। পুরান ঢাকার পাড়ায় পাড়ায় নিয়মিত ছিল যাত্রা ও নাটকের আয়োজন। মঞ্চ শোভা, সাজঘর, শান্তি স্টোর, ড্রেস হাউস, পোশাক ঘরসহ শাঁখারীবাজারের ১০-১২টি দোকান তখন পোশাক, ব্যাকড্রপ আর আর যাত্রা ও নাটকের অন্যান্য অনুষঙ্গের জোগান দিয়ে রমরমা ব্যবসা চালাচ্ছে। কিন্তু গতকাল জানা গেল ব্যবসা তলানিতে ঠেকেছে, দোকানের সংখ্যা এখন মাত্র দুটি।
টিকে থাকা দোকান দুটির একটি হলো শাঁখারীবাজারের ড্রেস হাউস। ঘড়ি ব্যবসায়ী কালিদাস সুর নাটকের দ্রব্যসামগ্রীর জমজমাট ব্যবসায় আকৃষ্ট হয়ে ১৯৬১ সালে এ দোকানের পত্তন করেন। এখন দোকান চালাচ্ছেন তাঁর ছেলে বিনয় সুর। ৬১ বছর বয়সী বিনয় পুরোনো স্মৃতি হাতড়ে বললেন, ‘একটা সময় গেছে যখন ডেইলি (দৈনিক) ১০টা নাটক-সিনেমার জন্য ভাড়া যাইত। এখন তো আর ঐতিহাসিক ফিলিম নাই, নাটক নাই, যাত্রাও নাই। সেই ব্যবসাও নাই।’
বাহারাম বাদশা, রূপবান, আবার রূপবান বনবাসে, বেহুলা চলচ্চিত্রগুলোতে এই ড্রেস হাউস থেকেই পোশাক গেছে। এখন বছরে একটা নাটক বা চলচ্চিত্রের পোশাক-অনুষঙ্গের ফরমাশও আসে না বলে আক্ষেপ করলেন বিনয়। বললেন, ‘গত সাত-আট বছরে কোনো ঐতিহাসিক সিনেমা-নাটকের জন্য ড্রেসের অর্ডার পাই নাই।’
একটি তাক দেখিয়ে বিনয় বললেন, ‘অনেক ছবি করতাম আমরা। এই তাকে ফিলিমগুলার সিলভার জুবলি-গোল্ডেন জুবলির অনেক অ্যাওয়ার্ড আছিল। একাত্তরে সব পুড়ায়ে দেয় পাকিস্তানিরা।’
ড্রেস হাউসে আগে কারিগর-মেকআপম্যান মিলিয়ে স্থায়ী কর্মচারীর সংখ্যা ছিল ১৫। আর এখন বিনয় একা দোকান সামলাচ্ছেন। বললেন, ব্যবসা পড়ে যাওয়ায় এখন আর কর্মচারী রাখার সামর্থ্য নেই।
পুরোনো কর্মচারীদের পেশাও বদলে গেছে বলে জানালেন বিনয়। কেউ এখন চায়ের দোকানদার, কেউবা দরজি। বিনয় বললেন, যাঁরা মেকআপের কাজ জানতেন, তাঁরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কাজ করার সুযোগ পেয়ে কিছুটা ভালো অবস্থায় আছেন।
টিকে থাকা দ্বিতীয় দোকানটি হলো পোশাক ঘর। বেদের মেয়ে জোছনা সিনেমার সব পোশাক আর অনুষঙ্গ সরবরাহ করা হয়েছিল এই দোকান থেকে। গৌর দত্ত ১৯৭০ সালে এ ব্যবসা শুরু করেন। পরে তাঁর ছেলে লক্ষ্মী নারায়ণ দত্তের হাতে ব্যবসা সবচেয়ে জমে ওঠে। এখন পড়তির সময় এসে হাল ধরেছেন গৌর দত্তের নাতি বরুণ দত্ত।
বরুণ বললেন, ‘এখন তো আর আগের মতো পাড়ায় পাড়ায় নাটক হয় না। আগের মতো সামাজিক যাত্রাও হয় না। নাচ-গানের যাত্রায় আমাদের আর ডাক পড়ে না।’
পোশাক ঘরে মহাদেবের জটার পরচুলা, রাবণের মুখোশের পাশে ঝুলছে বিয়ের টোপর, ঠাকুরঘর সাজানোর মালা ও কাগজের ফুল। এ সময়ে এসে দুটি দোকানের ব্যবসার ধরনও বদলে গেছে। বিনয় ও বরুণ দুজনই বললেন, এখন মূলত ব্যবসা চলে পূজা আর বিয়ের সরঞ্জাম বিক্রি করে। জন্মাষ্টমী আর চড়কপূজার সময় কিছু পোশাক বিক্রি করেন তাঁরা। বললেন, ভাড়া দেওয়ার চল আর নেই।
দুটি দোকানের শোকেসেই জরি-চুমকি-পুঁতি বসানো রাজকীয় পোশাক, মুকুট, ওড়নাগুলো এখনো ভাঁজে ভাঁজে সাজানো। তবে দীর্ঘদিনের অব্যবহারে কিছুটা ধুলোমলিন। বেশি ধুলা জমলে ড্রেস হাউসের বিনয় সুর সেগুলো বের করে ঝেড়ে-পুঁছে পরিষ্কার করে আবার তুলে রাখেন। বললেন, ‘এগুলা যত্ন করে আগলায় রাখছি। আবার ঐতিহাসিক সিনেমার চল শুরু হলে তো আমাদের কাছেই আসতে হবে।’