মিথ্যা ঘোষণা দিয়ে সুতার বদলে সিগারেট আমদানির মামলায় একটি পোশাক কারখানার এমডিসহ (ব্যবস্থাপনা পরিচালক) পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামিরা। আদালত শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন সাভারের আশুলিয়ার জেনেটিক ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, চার পরিচালক রিয়াজ হোসেন খান, ওয়াহিদ ইসলাম, তৌহিদুজ্জামান ও আহমেদ আরজ। সরকারি কৌঁসুলি ফখরুদ্দিন চৌধুরী বলেন, বন্ড সুবিধায় সুতার বদলে মিথ্যা ঘোষণা দিয়ে ২৮৮ কার্টন সিগারেট আমদানি করা হয় জেনেটিক ফ্যাশন লিমিটেডের নামে। যার বাজারমূল্য ৭ কোটি ২০ লাখ টাকা। গত ১ মার্চ কাস্টমস কর্তৃপক্ষ এগুলো আটক করে। এ ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।