পোশাক কারখানার টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি তৈরি পোশাক কারখানার টাকা আত্মসাতের মামলায় শহিদুল্লাহ ভূঁইয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর বিসিক এলাকার রাহি নিটিং কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানায় প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের পোশাকের ফরমায়েশ দেন শহিদুল্লাহ ভূঁইয়া। এরপর শহিদুল্লাহ ভূঁইয়া প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ক্রেতার কমিশন বাবদ তিন লাখ টাকা অগ্রিম নিয়ে যান। এদিকে প্রায় দুই কোটি টাকার পোশাক তৈরি করে শহিদুল্লাহ ভূঁইয়ার সঙ্গে মুঠোফোনে ও ই-মেইলে যোগাযোগ করলেও তিনি তা নিতে টালবাহানা শুরু করেন। একপর্যায়ে তিনি আত্মগোপনের চেষ্টা করেন। পরে প্রতিষ্ঠানের মালিক থানায় মামলা করেন। এরপর পুলিশ রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে শহিদুল্লাহ ভূঁইয়াকে গ্রেপ্তার করে থানায় নেয়।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন বলেন, ‘শহিদুল্লাহ ভূঁইয়া আমাদের কাছে তৈরি পোশাক নেওয়ার কথা বলে তিন লাখ টাকা আত্মসাৎ করেন। পাশাপাশি অর্ডার দিয়েও দুই কোটি টাকার পোশাক তৈরির পর তা নেননি। পরে আমি মামলা করলে থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।’
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন, প্রতারক চক্রের সদস্য শহিদুল্লাহ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সহযোগী অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।