পোশাক কারখানার ১ কোটি ৩৩ লাখ টাকা ছিনতাই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের এক কোটি ৩৩ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার উপজেলার পূর্ব চান্দরা এলাকায় মাইক্রোবাসের চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা এ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মাইক্রোবাসের চালককে আটক করেছে।
আটক হওয়া মাইক্রোবাসের চালকের নাম হান্নান মিয়া (৩৫)। চীনা মালিকানাধীন ওই পোশাক কারখানাটির নাম ফ্যাশনইট কোম্পানি।
কারখানা কর্তৃপক্ষের ভাষ্যমতে, সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যাশনইট কোম্পানির ১ নম্বর ইউনিট থেকে ২ নম্বর ইউনিটের জন্য গতকাল বিকেলে এক কোটি ৩৩ লাখ টাকা কারখানার নিজস্ব মাইক্রোবাসে তোলা হয়। এ ছাড়া, আরও দুটি ইউনিটের টাকাও ওই গাড়িতে দিয়ে দেওয়া হয়। গাড়িতে চালক ছাড়াও মানবসম্পদ বিভাগের কর্মকর্তা রাইসুল ইসলাম ও আইটি কর্মকর্তা মি. জিম ছিলেন। দুটি ইউনিটের শ্রমিকদের বেতনের টাকা নামিয়ে দিয়ে গাড়িটি কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরার ২ নম্বর ইউনিটে যাচ্ছিল। পথে উপজেলার সফিপুর-বড়ইবাড়ী সড়কের বোর্ড মিল কবরস্থানের সামনে বিকেল সোয়া চারটার দিকে তিনটি মোটরসাইকেলে ছয় যুবক মাইক্রোবাসটির গতিরোধ করে। তারা চালকের মাথায় অস্ত্র ঠেকিয়ে ২ নম্বর ইউনিটের শ্রমিকদের বেতনের পুরো টাকা ছিনিয়ে নেয়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে যুবকেরা পালিয়ে যায়। পরে কারখানা কর্মকর্তা রাইসুল ইসলাম, মি. জিম ও চালক হান্নান মিয়া কালিয়াকৈর থানায় অভিযোগ দিতে যান। জিজ্ঞাসাবাদের জন্য সেখানে পুলিশ হান্নান মিয়াকে আটক করে।
এ ঘটনায় কারখানার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক বলেন, ছিনতাইকারীদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।