পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকার মেগা ইয়াং ডায়িং নামে একটি পোশাক তৈরি কারখানায় গতকাল রোববার অগ্নিকাণ্ডে এক শ্রমিক নিহত হয়েছেন। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীসহ পাঁচজন।
ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, ওই কারখানার চারতলার সুতার গুদামে রোববার ভোরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর, সাভারের ইপিজেড, টঙ্গীসহ ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় পাঁচ ঘণ্টা পর সকাল নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ওই কারখানার গুদামে থাকা বেশ কিছু সুতা ও কাপড় পুড়ে যায়। ঘটনার সময় আনোয়ার হোসেন নামে এক শ্রমিক মারা যান। তিনি ওই কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। বাড়ি টঙ্গীর মন্নুনগর এলাকায়।
গাজীপুর সদর হাসপাতালের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন জানান, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আগুন নেভাতে গিয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারসহ পাঁচজন আহত হয়েছেন। তাঁদের ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।