পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতজুরী এলাকায় গতকাল রোববার দুপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছিল। তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এদিকে ঘটনার তদন্তে গাজীপুর জেলা প্রশাসন পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন বলেন, খবর পেয়ে শ্রীপুরের মাওনা ও গাজীপুর ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়ায় পরে তাদের সঙ্গে ঢাকা, টঙ্গী, ভালুকা ও সাভার ইপিজেডের ১৪টি ইউনিট কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদেকুর রহমান ও শ্রীপুর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেতজুরী এলাকার ডিগনিটি টেক্সটাইল মিলস লিমিটেড নামে রপ্তানিমুখী ওই কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। গতকাল দুপুরে খাবারের বিরতির সময় কারখানায় আগুনের সূত্রপাত হয়। এ সময় প্রায় সব শ্রমিক ও কর্মকর্তা কারখানার বাইরে ছিলেন। কারখানার বিভিন্ন ধাপে সুতা থেকে টি-শার্ট তৈরি করা হয়। বেলা সোয়া দুইটার দিকে স্টিলের কাঠামোর ওপর নির্মিত বিশাল আকৃতির সাততলা ওই কারখানা ভবনের তৃতীয় তলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। ওই ভবনের দক্ষিণ পাশের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে কারখানার শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে শ্রীপুর, গাজীপুর, ময়মনসিংহের ভালুকাসহ ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১৪ ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণে না আসায় ওপরের তলাতেও ছড়িয়ে পড়ে। আগুনের উত্তাপে ভবনের ইস্পাতের কাঠামো দুর্বল হয়ে পড়ে।
কারখানার শ্রমিক আরাফাত হোসেন বলেন, দুপুরে খাওয়ার সময় আগুন লাগায় তিনিসহ সব শ্রমিক কারখানায় বাইরে অবস্থান করছিলেন। আরেক শ্রমিক সুলতান মিয়া বলেন, ‘কারখানা পুড়ে নাই, আমাগো কপাল পুড়েছে। আবার কবে কারখানা চালু অইব, এর কোনো ঠিক নাই।’ একই রকম হতাশার সুর বেশির ভাগ শ্রমিকের কণ্ঠে।
গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদেকুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি আগামী পাঁচ কার্যদিবসে প্রতিবেদন দাখিল করবে।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুন্নাহার সাংবাদিকদের বলেন, ঘটনার সময় তৃতীয় তলায় বিরতি চলছিল। এ সময় ওই তলার গুদামঘরের দক্ষিণ পাশের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে আগুনের বিষয়টি নজরে আসে। মুহূর্তের মধ্যে আগুন তৃতীয় তলার পুরো অংশে ছড়িয়ে পড়ে। আগুনে তৃতীয় তলার গার্মেন্টসসহ সব সরঞ্জাম পুড়ে গেছে।