নারী সাঁতারুদের অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে পোশাক বদলের কক্ষের ছিদ্র বন্ধ করে দেওয়া হয়েছে। এক সপ্তাহ আগে পোশাক বদলের কক্ষের সিলিংয়ের ওপরে ছিদ্র দেখতে পান এক সাঁতারু। এরপর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
তবে কে বা কারা ওই ছিদ্র করেছিল, সে ব্যাপারে কর্তৃপক্ষ বা অন্যরা কেউ কিছু বলতে পারেনি। জানতে চাইলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘ছিদ্রগুলো আমরা বন্ধ করে দিয়েছি। তবে এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ কারণে কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
সাঁতার শিখতে আসা নারীদের কাছ থেকে জানা গেছে, গত ৩০ অক্টোবর প্রশিক্ষণ শেষে কাপড় বদলের সময় এক নারী সাঁতারু প্রথম এই ছিদ্র দেখতে পান। এরপর তিনি বিষয়টি সবাইকে জানান। সাঁতার শিখতে আসা আরও কয়েকজন পোশাক বদলের কক্ষের ওপরে গ্যালারিতে গিয়ে দেখতে পান তিনটি কক্ষের ওপরে পাঁচটি ছিদ্র। মৌখিকভাবে তাঁরা কর্তৃপক্ষকে জানান। পরদিন নারীরা ছিদ্রগুলো ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেড়ে দেন। এরপর এ নিয়ে আলোচনা শুরু হলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিবসহ অন্যান্য কর্মকর্তা সুইমিং পুল পরিদর্শনে যান। ছিদ্র বন্ধ করার নির্দেশও দেন। জাতীয় ক্রীড়া পরিষদের প্রশাসককে এ নিয়ে একটি প্রতিবেদন দিতে বলা হয়। ঘটনার পর থেকে সাঁতার বন্ধ করে দেওয়া হয়। কয়েক দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে পুল খুলে দেওয়ার কথা আছে।
সুলতানা কামাল কমপ্লেক্সের ভেতরেই জাতীয় ক্রীড়া পরিষদের প্রশাসক ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়। সুইমিং পুলটি তত্ত্বাবধান করছে মহিলা ক্রীড়া সংস্থা।
ঘটনার দিন সাঁতার শিখতে যাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী প্রথম আলোকে বলেন, ওই দিন পোশাক বদলের কক্ষ থেকে একজন চিৎকার করে বলেন, ছিদ্র দিয়ে কেউ তাঁকে দেখেছে। এরপর একজনের পালিয়ে যাওয়ার শব্দও পান তিনি। কর্তৃপক্ষ এখন বলার চেষ্টা করছে, মেয়েরা যখন সাঁতার শেখে, তখন কোনো পুরুষ মানুষ এখানে আসতে পারে না। এখানে পুরুষ না নারী কে এল তা বড় বিষয় নয়। বিষয়টি হলো কীভাবে ফুটোগুলো করা হলো সেটা খুঁজে বের করা।
খোঁজ নিয়ে জানা গেছে, সুইমিং পুলের গেটের চাবি থাকে মহিলা ক্রীড়া সংস্থার পাম্প অপারেটর মোহাম্মদ মোমিন বা তাঁর বাবা সংস্থার মাঠ কর্মচারী শামসুল হকের কাছে। এর বাইরে আর কারও হাতে কোনো চাবি নেই। সাঁতার শিখতে আসা নারীদের অভিযোগও সেই মোমিনের বিরুদ্ধে।
জানতে চাইলে জাতীয় ক্রীড়া পরিষদের প্রশাসক আয়েশা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিবেদন জমা দিয়েছি। এ পর্যন্ত আটটি ছিদ্র বন্ধ করে দিয়েছি। আর যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনিও মহিলা ক্রীড়া সংস্থার কর্মচারী।’
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার বলেন, ‘সংস্থার কর্মচারীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে কোনো অভিযোগকারী আমাদের সঙ্গে যোগাযোগ করছে না। কেউ লিখিত অভিযোগও করেনি। আমরা চাই অভিযোগকারীরা আমাদের তথ্য দিক।’