পোশাক শ্রমিকদের অবরোধ
গাজীপুরের ভোগড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে মাইলস্টোন পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছেন৷ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিনহা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার মসজিদের ইমাম অপহরণের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা ব্যাপক ভাঙচুর চালিয়েছেন৷
জয়দেবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভোগড়া এলাকায় মাইলস্টোন পোশাক কারখানা কর্তৃপক্ষ কর্মকর্তা ও শ্রমিকদের বেতন বন্ধ রাখায় কয়েক দিন ধরে শ্রমিকেরা মে মাসের বেতন দাবি করে আসছিলেন৷ শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের মে মাসের ৩০ শতাংশ বেতন পরিশোধের সিদ্ধান্তের কথা জানায়৷ কিন্তু শ্রমিকেরা তাতে রাজি না হয়ে বিকেল চারটার দিকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন৷ একপর্যায়ে তাঁরা মাইলস্টোন কারখানাসহ পাশের রোয়া ফ্যাশন নামের কারখানায় ইট-পাটকেল ছুড়ে জানালার কাচ ভাঙচুর শুরু করেন৷ পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করেন৷ এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়৷ এ কারণে বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ওই মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে৷
অপরদিকে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ইসমাইল হোসেন জানান, একই দাবিতে গতকাল সকাল থেকেই টঙ্গীর সিনকী গার্মেন্টস কারখানার কয়েক শ শ্রমিক বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেছেন৷
রূপগঞ্জ থানা পুলিশ ও শ্রমিকেরা জানান, কাঞ্চন পৌরসভার আতলাশপুর এলাকায় সিনহা গার্মেন্টসের মসজিদের ইমাম হাবিবুর রহমানের পাঁচ শতাংশ জমি নিয়ে একই এলাকার আরিফ, মঞ্জু, ইউছুফ, মিলনসহ কয়েকজনের বিরোধ চলছিল৷ তাঁরা একটি ভুয়া দলিল করে ওই জমি নিজেদের নামে লিখে নেন৷ এ ঘটনায় হাবিবুর মামলা করলে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালত তাঁর পক্ষে রায় দেন৷ এতে ক্ষিপ্ত হয়ে কয়েকজন সন্ত্রাসী দুপুর পৌনে দুইটার দিকে কারখানার ভেতরে ঢুকে হাবিবুরকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান৷ এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে কারখানার নিটিং সেকশন, অ্যাডমিন অফিস, সিকিউরিটি অফিস, ফায়ার সার্ভিস অফিস ও ওভেন সেকশনে ব্যাপক ভাঙচুর চালান৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমামকে উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়৷