পোশাককর্মী জাহানারার জীবনে হঠাৎ অন্ধকার

দুই কক্ষের ঘর। বাইরের কক্ষের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন পোশাকশ্রমিক জাহানারা বেগম (৩০)। গত বুধবার চট্টগ্রাম নগরের স্টেশন রোডে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষের সময় চোখ, হাত ও গলায় আঘাত পান তিনি। ছররা গুলির আঘাতে তাঁর বাঁ চোখের রেটিনা ছিঁড়ে গেছে।
পাহাড়তলী চক্ষু হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, জাহানারা আর কোনো দিন বাঁ চোখে দেখতে পাবেন না। তাঁর শঙ্কা কেবল দৃষ্টিশক্তি হারানো নয়। এক চোখে না দেখলে সুই-সুতার সংগ্রামের জীবনেও যে অন্ধকার নেমে আসবে। চাকরিটা কী থাকবে আর!
পাহাড়তলী চক্ষু হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ ওয়াহিদুল আলমসহ কয়েকজন চিকিৎসক জাহানারার বাঁ চোখ পরীক্ষা করেছেন। চিকিৎসকেরা বলেছেন, অনেক দেরি করে তিনি চিকিৎসা নিতে এসেছেন। তাঁর চোখে অস্ত্রোপচার করতে হবে। তবে এই চোখে দৃষ্টিশক্তি থাকবে না।
জাহানারা প্রথম আলোকে বলেন, ‘আমি বাঁ চোখে কিছু দেখি না। ডান চোখে একটু একটু দেখি। তবে ভালো করে ডান চোখও খুলতে পারি না। প্রচণ্ড ব্যথা করে।’ সেদিন সংঘর্ষে তাঁর ডান হাতের তালুতে ও গলায় ছররা গুলি লাগে। তবে এই দুই জায়গার আঘাত চোখের মতো গুরুতর নয়।
জাহানারার স্বামী কারখানার শ্রমিক মো. পারভেজ। জাহানারার সঙ্গে তাঁর বিয়ের ১৪ বছর হতে চলেছে। তাঁরা নিঃসন্তান। তবু সুখেই কাটছিল সংসার। পারভেজ বলেন, ‘আমরা গরিব মানুষ। কিন্তু আমার স্ত্রী দৃষ্টি ফিরে না পেলে তো তাঁর চাকরি থাকবে না। তখন কীভাবে চলবে সংসার।’