রানা প্লাজা ধসের ঘটনার তিন বছর পরও ইউনিয়ন করার ক্ষেত্রে বাধার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশের পোশাকশ্রমিকদের। এর ফলে তাঁরা এখনো তাঁদের কারখানাগুলোর কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও হুমকির মুখে রয়েছেন। নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক বিবৃতিতে এ কথা বলেছে।
সাভারে রানা প্লাজা ধসের তৃতীয় বর্ষপূর্তিকে সামনে রেখে বিবৃতিটি গত বুধবার এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে বলা হয়, ২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা ধসের ঘটনার পর জুলাইয়ে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা শ্রম আইনে সংস্কার আনবে। কিন্তু এখন পর্যন্ত শ্রম অধিকারসংক্রান্ত আইন ও বিধিবিধানগুলোতে ইউনিয়ন করার অধিকারের ব্যাপারে কড়াকড়ি রয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন বলেন, ‘স্মরণ করা যেতে পারে, রানা প্লাজায় যেসব কারখানা ছিল, তাদের কোনোটিতেই ট্রেড ইউনিয়ন ছিল না। এসব কারখানার শ্রমিকদের কণ্ঠস্বর জোরালো থাকলে তাঁরা সেসব ব্যবস্থাপকদের প্রতিরোধ করতে সক্ষম হতেন, যাঁরা ভবনে বড় বড় ফাটল সত্ত্বেও তার ভেতরে তাঁদের কাজ করার নির্দেশ দিয়েছিলেন।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের সাড়ে ৪ হাজারের বেশি পোশাক কারখানার মধ্যে মাত্র ১০ শতাংশে বর্তমানে নিবন্ধিত ইউনিয়ন রয়েছে। অনেক কারখানার শ্রমিকেরা ইউনিয়ন গঠনের চেষ্টা করলেও তাঁদের আবেদনগুলো প্রত্যাখ্যান করেছে বিভিন্ন সরকারি কর্তৃপক্ষ। এ বিষয়ে গত এপ্রিলে শ্রমমন্ত্রী মুজিবুল হকের সঙ্গে বৈঠক করে এইচআরডব্লিউ। তবে তিনি ইউনিয়ন নিবন্ধনের ক্ষেত্রে জটিলতার কথা নাকচ করে দেন।
বিবৃতিতে বলা হয়, ইউনিয়ন গঠন ও পরিচালনা করার ক্ষেত্রে বাংলাদেশের শ্রম আইন ও প্রক্রিয়াগুলো বড় প্রতিবন্ধকতা। কারণ, নিয়মানুযায়ী ইউনিয়ন করার বিষয়ে কারখানার ৩০ শতাংশ শ্রমিকের সম্মতি নিতে হয়। এরপর লম্বা একটি প্রক্রিয়া মেনে নিবন্ধন করতে হয়। পাশাপাশি ইউনিয়নের নিবন্ধন বাতিলের ক্ষমতার বিষয়টিও অস্পষ্ট রেখেছে সরকার। এর বাইরে ইউনিয়নগুলো ও তার সদস্যদের কারখানাগুলো নানাভাবে হুমকি দিলেও কোনো বিচার হয় না। এইচআরডব্লিউ কারখানার কর্মকর্তাদের হাতে ইউনিয়নের নেতাদের শারীরিকভাবে নির্যাতিত ও চাকরিচ্যুত হওয়াসহ বিভিন্ন অন্যায় আচরণের অনেকগুলো ঘটনা নথিভুক্ত করেছে। সরকার এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
এমন পরিপ্রেক্ষিতে বিবৃতিতে বাংলাদেশ সরকার যাতে শ্রম আইন সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, সে জন্য চাপ দিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র ও কানাডাসহ এ দেশের তৈরি পোশাকের বড় বড় আমদানিকারকের প্রতি আহ্বান জানানো হয়। ফিল রবার্টসন বলেন, স্বাধীন পোশাকশ্রমিক ইউনিয়নের অধিকার রোধ করার বিষয়টি ব্যবসাপ্রতিষ্ঠান, শ্রমিক ও বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য খারাপ। দেশটিকে দেখাতে হবে, শ্রমিকদের অধিকার চর্চা করতে দেওয়ার রাজনৈতিক সদিচ্ছা তাদের রয়েছে। শ্রমিকদের ইউনিয়ন করতে দেওয়া এবং ইউনিয়নবিরোধী কারখানা মালিকদের শাস্তি দেওয়ার মাধ্যমে তা প্রমাণ করতে হবে।