পোশাকশিল্পে কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল সুইজারল্যান্ডের দাভোসে ডব্লিউইএফের চেয়ারম্যান ক্লস শোয়াব সৌজন্য সাক্ষাৎ করেন l ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল সুইজারল্যান্ডের দাভোসে ডব্লিউইএফের চেয়ারম্যান ক্লস শোয়াব সৌজন্য সাক্ষাৎ করেন l ছবি: ফোকাস বাংলা

তৈরি পোশাকশিল্পে কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের অর্থনীতিতে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের অবদান বিশাল। এই শিল্পে শ্রমিক অধিকার, কর্মস্থলের নিরাপত্তা ও পরিবেশগত মানসহ কর্মপরিবেশ নিশ্চিত করার ব্যাপারে আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।’

সুইজারল্যান্ডের দাভোসের কংগ্রেস সেন্টারে গতকাল মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সভায় এক কর্মশালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

ওয়ার্ল্ড রিসার্স ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী অ্যান্ড্রু স্টিয়ারের সঞ্চালনায় ‘শেপিং এ নিউ ওয়াটার ইকোনমি’ শীর্ষক এই কর্মশালায় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অংশ নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বেতনকাঠামো, কর্মস্থলের নিরাপত্তা, রীতিনীতি এবং শিল্প খাতে সহনশীল সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প উচ্চতর মান অর্জন করেছে। মূল বেতন ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল ব্র্যান্ড এবং রিটেইলারদের সুপারিশের ভিত্তিতে ৩ হাজার ৭৮০টি কারখানার সব কটির সমীক্ষা শেষ হয়েছে।

শেখ হাসিনা বলেন, তৈরি পোশাক খাতে আন্তর্জাতিক মান অনুযায়ী দূষিত পানি শতভাগ শোধন এবং পানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৫ সাল থেকে বাংলাদেশ সরকার ‘২০৩০ ওয়াটার রিসোর্স গ্রুপের’ (ডব্লিউআরজি) সঙ্গে কাজ করছে।

শিল্পায়নে তাঁর সরকারের বিভিন্ন পদ‌ক্ষেপের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিল্পপ্রতিষ্ঠান ও কলকারখানায় ‘এফ্লুয়েন্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ বাধ্যতামূলক করা হয়েছে।

এ ছাড়া সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি সবার জন্য নিরাপদ পানি এবং পয়োনিষ্কাশনব্যবস্থা নিশ্চিত করতে।’

ডব্লিউইএফের নির্বাহী চেয়ারম্যানের সাক্ষাৎ

সভার সাইড লাইনে গতকাল একই স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডব্লিউইফের নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ এবং আঞ্চলিক অর্থনীতিকে তুলে ধরতে বাংলাদেশে একটি সভা আয়োজনে ডব্লিউইএফের প্রতি আহ্বান জানান।

পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা ডব্লিইএফের সভা চলাকালে বাংলাদেশে অধিক হারে বিনিয়োগে উদ্যোক্তাদের আহ্বান জানাতেও ক্লাউসের প্রতি অনুরোধ জানান। তখন তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে ব্র্যান্ডিং খুব জরুরি।

ক্লাউসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বাংলাদেশের প্রথম কোনো নির্বাচিত নেতৃত্ব হিসেবে এই সভায় যোগদান করছেন।