পোশাকশিল্পের পণ্য এক দিনে খালাসের ব্যবস্থা নিতে আহ্বান
পোশাকশিল্পের জন্য আমদানি করা কাঁচামাল বন্দরে নামানোর পর একই দিনে খালাস করতে বন্দর ও কাস্টমস কার্যালয়ের মধ্যে সমন্বয় করার আহ্বান জানিয়েছেন বিজিএমইএর নেতারা।
গতকাল রোববার কাস্টমসের নবনিযুক্ত কমিশনার হোসেন আহমেদের সঙ্গে সাক্ষাতের সময় এ আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম কাস্টমস কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কাস্টমসের অতিরিক্ত কমিশনার আজিজুর রহমান ও যুগ্ম কমিশনার রেজাউল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী বক্তব্যদেন।
এ সময় বিজিএমইএর পরিচালক অঞ্জন শেখর দাশ, মহিউদ্দিন চৌধুরী, সাবেক প্রথম সহসভাপতি এস এম আবু তৈয়ব, মইনুদ্দিন আহমেদ ও নাসির উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বিজিএমইএর প্রথম সহসভাপতি বলেন, ২০২১ সালে ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে কাস্টমসে স্বয়ংক্রিয় পদ্ধতি বাস্তবায়নের বিকল্প নেই। পোশাকশিল্পের কার্যক্রম সহজ করতে কাস্টমস, বিজিএমইএ, চেম্বার ও সিঅ্যান্ডএফ এজেন্টদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি।
কাস্টমস কমিশনার হোসেন আহমেদ বলেন, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ নেই, সেসব প্রতিষ্ঠানকে গ্রিন চ্যানেলের মাধ্যমে দ্রুত পণ্য খালাসের সুবিধা দেওয়া হবে। পোশাকশিল্পের কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পাদন করতেও তিনি কাস্টমস কর্মকর্তাদের নির্দেশনা দেন।